জন্মদিনের একদিন পর তুর্কি অভিনেত্রীর আকস্মিক মৃত্যু

ছবি- সংগৃহীত অভিনেত্রী ইসি ইরতেম
জনপ্রিয় তুর্কি টেলিভিশন নাটক 'ওয়ান লাভ'-এ ‘ইশিল’ চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পাওয়া তরুণ অভিনেত্রী ইসি ইরতেম আর নেই। মাত্র ৩৫ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। অত্যন্ত হৃদয়বিদারক বিষয় হলো, নিজের ৩৫তম জন্মদিন উদযাপনের মাত্র একদিন পরেই তার এই অকাল মৃত্যু ঘটল।
অভিনেত্রীর আইনজীবী উগুর গোক্কোয়ুন জানান, গত সোমবার (১৫ জুন) বিকালে ইসি ইরতেমকে তার নিজ বাসায় অচেতন অবস্থায় পাওয়া যায়। অভিনেত্রী সেখানে তাঁর মায়ের সঙ্গে থাকতেন। ঘটনাটি অত্যন্ত আকস্মিকভাবে ঘটেছিল। অচেতন অবস্থায় পাওয়ার পর দ্রুত চিকিৎসা সহায়তা প্রদান করা সত্ত্বেও চিকিৎসকেরা তাকে শেষ পর্যন্ত আর বাঁচানো সম্ভব করতে পারেননি।
আইনজীবী গোক্কোয়ুন আরও উল্লেখ করেন, প্রাথমিক চিকিৎসা প্রতিবেদনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়াকেই (হার্ট অ্যাটাক) মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত ও চূড়ান্ত কারণ ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশের পরই নিশ্চিতভাবে জানা যাবে। মাত্র ৩৫ বছর বয়সে এই প্রতিভাবান তুর্কি অভিনেত্রীর এমন আকস্মিক ও অকাল প্রস্থানে তার পরিবার, সহকর্মী এবং বিশ্বজুড়ে থাকা ভক্ত-অনুরাগীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






