টেক্সাসে মাংসখেকো পরজীবী স্ক্রুওয়ার্মের প্রথম সংক্রমণ শনাক্তের পর দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নামছে মার্কিন ফেডারেল ও অঙ্গরাজ্য কর্তৃপক্ষ। মার্কিন কৃষিমন্ত্রী ব্রুক রোলিন্স বৃহস্পতিবার জানিয়েছেন, শনাক্ত হওয়া ঘটনার আশপাশে আর কোনো গবাদিপশু বা প্রাণীতে সংক্রমণ পাওয়া যায়নি। মার্কিন সংবাদ সংস্থা রয়টার্স এই খবরটি জানিয়েছে।

স্ক্রুওয়ার্ম হলো একটি পরজীবী মাছি, যার স্ত্রী প্রজাতি উষ্ণরক্তের প্রাণীর খোলা ক্ষতে ডিম পাড়ে। ডিম ফুটলে শত শত লার্ভা জীবন্ত মাংস কুরে কুরে খায় এবং চিকিৎসা না হলে আক্রান্ত প্রাণী মারা যায়। ১৯৬০-এর দশকে বন্ধ্যা মাছি ছাড়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে এই পরজীবী নির্মূল করা হয়েছিল। কিন্তু গত এক বছর ধরে মেক্সিকো হয়ে উত্তরে অগ্রসর হতে হতে এটি এবার টেক্সাসে পৌঁছে গেছে।

টেক্সাসের লা প্রায়র শহরে শনাক্ত হওয়া ঘটনাটিকে ঘিরে দ্রুত ২০ কিলোমিটার এলাকায় পশু চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। শহরের প্রতিটি প্রধান সড়কে চেকপয়েন্ট বসানো হয়েছে, যেখানে শেরিফ ও রাজ্যের কর্মীরা গবাদিপশু বহনকারী যানবাহন থামিয়ে সংক্রমণের লক্ষণ পরীক্ষা করছেন। পাশাপাশি স্থল ও আকাশপথে বন্ধ্যা স্ক্রুওয়ার্ম মাছি ছাড়া হচ্ছে, কারণ স্ত্রী মাছি জীবনে মাত্র একবার মিলিত হয়, বন্ধ্যা পুরুষ মাছির সঙ্গে মিলনে অনুর্বর ডিম তৈরি হয়, ফলে পরজীবীর বংশবিস্তার থেমে যায়।

রোলিন্স বলেন, "আমরা সবাই মিলে কাজ করলে এই পরজীবী সীমান্তের এপাশে স্থায়ীভাবে ছড়িয়ে পড়ার কোনো কারণ নেই।" তিনি আরও জানান, মেক্সিকো থেকে গবাদিপশু আমদানি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, মাছিটি একবার যুক্তরাষ্ট্রে ঢুকে পড়েছে এবং বন্যপ্রাণীর মধ্যে এটি আরও ছড়িয়ে পড়তে পারে। বিস্তীর্ণ খোলা মাঠে ছড়িয়ে থাকা গবাদিপশু প্রতিদিন পর্যবেক্ষণ করা কঠিন বলে কৃষকদের উপর চাপ সবচেয়ে বেশি পড়ছে।

অর্থনৈতিক উদ্বেগও কম নয়। স্ক্রুওয়ার্ম ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে টেক্সাসের পশুপালন শিল্পে ১৮০ কোটি ডলার পর্যন্ত ক্ষতি হতে পারে। উল্লেখ্য, দীর্ঘস্থায়ী খরায় মার্কিন গবাদিপশুর সংখ্যা ইতোমধ্যে ৭৫ বছরের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছে, যা বাজারকে আরও নাজুক করে তুলেছে।