পশ্চিমবঙ্গের হাওড়া জেলার উদয়নরায়ণপুর এলাকায় সরকারি আবাসন প্রকল্পে কাটমানি নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে এক তৃণমূল কংগ্রেস স্থানীয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অভিযুক্তের নাম ব্রহ্মানন্দ চক্রবর্তী। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি এলাকার রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।

অভিযোগ অনুযায়ী, সরকারি আবাসন প্রকল্পের সুবিধাভোগীদের জন্য বরাদ্দ অর্থ থেকে বেআইনিভাবে কমিশন বা কাটমানি আদায় করা হতো। এ ঘটনায় কয়েকজন স্থানীয় বাসিন্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু করে পুলিশ।

তদন্ত চলাকালে অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা করলে তিনি আত্মগোপনে চলে যান। পরে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ হাওড়া জেলার বিলাসপুর এলাকার একটি কাপড়ের দোকানে অভিযান চালায়।

সেখানেই ঘটে চাঞ্চল্যকর ঘটনা। দোকানের গুদামে রাখা শাড়ির স্তূপের নিচে লুকিয়ে ছিলেন ওই তৃণমূল কংগ্রেস নেতা। পুলিশ সেখানে তল্লাশি চালিয়ে শাড়ির গাদা সরিয়ে তাকে উদ্ধার করে এবং পরে হেফাজতে নেয়।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও চাঞ্চল্য তৈরি হয়েছে। ভিডিওতে দেখা যায়, পুলিশ শাড়ির স্তূপ সরিয়ে একজনকে বের করে আনছে, যাকে স্থানীয়রা ব্রহ্মানন্দ চক্রবর্তী বলে দাবি করছেন।

এ ঘটনাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনেও শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলমান রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী অভিযুক্তকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।

সুত্রঃ এনডিটিভি

প্রাইমটিভি/এনজি