ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় উপকূলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে এখন পর্যন্ত অন্তত একজন নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

স্থানীয় সময় সোমবার (৮ জুন) সকাল ৭টা ৩৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। শক্তিশালী কম্পনে একাধিক বহুতল ভবন ধসে পড়ে এবং রাস্তাঘাটে বড় বড় ফাটল দেখা দেয়। উপকূলীয় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মানুষ নিরাপদ স্থানে ছুটে যায়।

সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছাকাছি জেনারেল সান্তোস সিটিজেনারেল সান্তোস সিটি থেকে। সরকারি বার্তা সংস্থা ফিলিপাইন ইনফরমেশন এজেন্সির প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, শহরের একাধিক বহুতল ভবন ও বিপণিবিতান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ফাস্ট ফুড চেইন জোলিবিজোলিবি এর একাধিক শাখা ধসে পড়েছে। এতে আশপাশে থাকা মানুষ আতঙ্কে দিগ্বিদিক ছুটোছুটি করতে থাকে।

স্থানীয় মাস্টার সার্জেন্ট রবার্ট ডাগন জানিয়েছেন, একাধিক ভবন ধসে পড়েছে এবং ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে আছে কিনা তা নিশ্চিত করতে উদ্ধার অভিযান চলছে। তবে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা এখনো প্রস্তুত করা সম্ভব হয়নি।

ভয়াবহ এই ভূমিকম্পের পর দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। উদ্ধারকর্মীরা ইতিমধ্যে কাজ শুরু করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

উপকূলীয় এলাকার বাসিন্দাদের সমুদ্রসৈকত থেকে দূরে থাকার এবং উঁচু স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

ভূমিকম্পপ্রবণ এই অঞ্চলে নতুন আফটারশকের আশঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রাইমটিভি/এনজি