মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা ঘিরে নতুন করে চরম উত্তেজনা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার শঙ্কার মধ্যে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলা বন্ধে উপসাগরীয় দেশগুলোর রয়েছে আইনি ও নৈতিক দায়িত্ব।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, পারস্য উপসাগরের দক্ষিণ উপকূলবর্তী দেশগুলোকে অবশ্যই তাদের ভূখণ্ড বা স্থাপনা ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে কোনো ধরনের বৈরী কর্মকাণ্ড চালাতে না দেওয়া নিশ্চিত করতে হবে।

এদিকে হরমুজ প্রণালির বন্দর ও দ্বীপাঞ্চলে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসেবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস দাবি করেছে, তারা বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। একই সঙ্গে জর্ডানের আজরাক এলাকায় একটি মার্কিন সামরিক ঘাঁটিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার কথাও জানানো হয়েছে।

অন্যদিকে বাহরাইন ও জর্ডানে মার্কিন ঘাঁটিগুলোতে হামলার দাবির পাশাপাশি কুয়েতও জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আসন্ন লক্ষ্যবস্তু প্রতিহত করেছে।

এর আগে হরমুজ প্রণালিতে একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পায়।

বিশ্লেষকরা বলছেন, এই ধারাবাহিক পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের ঝুঁকি আরও বাড়িয়ে তুলছে, যা বৈশ্বিক জ্বালানি বাজারসহ আন্তর্জাতিক নিরাপত্তায়ও প্রভাব ফেলতে পারে।

প্রাইমটিভি/এনজি