ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

ছবি- সংগৃহীত হামলা
হরমুজ প্রণালিতে মার্কিন সামরিক অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করার অভিযোগে ইরানে পাল্টা বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, মঙ্গলবার থেকে শুরু হওয়া এই হামলা ইরানের আগ্রাসনের বিরুদ্ধে একটি 'সমানুপাতিক জবাব'।
যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের পারস্য উপসাগর উপকূলবর্তী বন্দর আব্বাস, কিশম ও সিরিক অঞ্চলে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা যায়। সেন্টকম জানায়, নৌ ও বিমানবাহিনীর যুদ্ধবিমান থেকে নিখুঁত গোলা-বারুদ ব্যবহার করে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ভূমি নিয়ন্ত্রণ কেন্দ্র ও নজরদারি রাডার সাইটগুলোকে ধ্বংস করা হয়েছে।
এর আগে সোমবার ওমান উপসাগরে মার্কিন হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ইরানি সেনারা শাহিদ ড্রোন ব্যবহার করে হেলিকপ্টারটি ভূপাতিত করেছে। তবে এটি ইচ্ছাকৃত নাকি ভুলবশত করা হয়েছে, তা এখনও অস্পষ্ট। হেলিকপ্টারে থাকা দুই পাইলটকে ইতিহাসে প্রথমবারের মতো সামুদ্রিক ড্রোন পাঠিয়ে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ট্রাম্প এই ঘটনার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ইরানি উপকূলে হামলা শুরু হয়।
এই হামলার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। মার্কিন হামলার উপযুক্ত জবাব দেওয়ার হুমকি দিয়ে তিনি বলেন, "মার্কিনিরা যদি নিরাপদ থাকতে চায়, তবে যেন দ্রুত আমাদের অঞ্চল ছেড়ে চলে যায়।"
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







