নাসির-তামিমার রায় আজ, অভিযোগ প্রমাণিত হলে হতে পারে যেরকম সাজা

ছবি- সংগৃহীত
দীর্ঘ পাঁচ বছরেরও বেশি সময় ধরে চলার পর অবশেষে বহুল আলোচিত ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘোষণা হতে যাচ্ছে। আইনিভাবে বিচ্ছেদ না হতেই নতুন বিয়ে এবং ব্যভিচারের অভিযোগে করা এই মামলার রায় আজ বুধবার (১০ জুন, ২০২৬) দুপুরে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম ঘোষণা করবেন।

বাদীপক্ষের আইনজীবী ইসরাত হাসান জানিয়েছেন, ১০ জন সাক্ষীর মাধ্যমে তারা আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছেন। পৃথক দুই ধারায় নাসিরের সর্বোচ্চ ৭ বছর এবং তিন ধারায় তামিমার সর্বোচ্চ ২১ বছরের কারাদণ্ড হতে পারে বলে তিনি জানান। বাদী রাকিব হাসান আশা প্রকাশ করে বলেন, রায়ের মাধ্যমে সমাজে একটি বার্তা যাক, যেন আর কারও সঙ্গে এমনটা না ঘটে।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু আসামিদের সম্পূর্ণ খালাস পাওয়ার ব্যাপারে আশাবাদী। যুক্তিতর্কে কেন তারা খালাস পাবেন তা তুলে ধরা হয়েছে জানিয়ে তিনি বলেন, বাদীপক্ষ মিডিয়া ক্যাম্পেইন করে রায় পক্ষে নেওয়ার চেষ্টা করছে, যা আদালত অবমাননার শামিল।
আজ দুপুরেই জানা যাবে আদালত নাসিরের সর্বোচ্চ সাজা দেবেন নাকি এই দম্পতি খালাস পাবেন। রায় শুনতে নাসির ও তামিমা আদালতে উপস্থিত হতে পারেন বলে জানা গেছে।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








