কারও নাম উল্লেখ না করে ইসলামী ব্যাংক ইস্যুতে কড়া মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, একসময় দখল করা ব্যাংক বেদখল হয়ে যাওয়ার যাতনা সংশ্লিষ্টরা এখন অনুভব করছেন।

মঙ্গলবার ( ৯ জুন) জাতীয় সংসদে ‘ইসলামী ব্যাংকের শেয়ার প্রকৃত মালিকদের কাছে প্রত্যর্পণ এবং ব্যাংকের ব্যবস্থাপনায় অনভিপ্রেত হস্তক্ষেপ বন্ধে’ আনা একটি নোটিশের ওপর আলোচনায় তিনি এসব কথা বলেন। জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ৬৮ বিধি অনুযায়ী নোটিশটি উত্থাপন করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইসলামী ব্যাংক কোনো ধর্মীয় প্রতিষ্ঠান নয়। তিনি মন্তব্য করেন, “ইসলামী ব্যাংক ইসলাম নয়।” একই সঙ্গে ব্যাংকটির মালিকানা ও ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন অভিযোগের প্রসঙ্গও তুলে ধরেন তিনি।

আলোচনায় ২০২৪ সালের ৫ আগস্টের পর ইসলামী ব্যাংকে সংঘটিত বলে অভিযোগ ওঠা নানা অনিয়মের তথ্য তুলে ধরেন সালাহউদ্দিন আহমদ। তিনি দাবি করেন, আরডিএস প্রকল্পের আওতায় বিপুল পরিমাণ ঋণ বিতরণ করা হয়েছে, যার একটি বড় অংশ নির্বাচনী উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে বলে অভিযোগ রয়েছে।

তিনি আরও বলেন, ৫ আগস্টের পর নাবিল গ্রুপকে ৭০০ কোটি টাকার এলসির বিপরীতে ঋণ দেওয়া হয়। তবে পণ্য বিক্রির পরও ব্যাংকের অর্থ ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। এ বিষয়ে তদন্তের আশ্বাসও দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ ছাড়া ব্যাংকের প্রধান কার্যালয়ের অনুমোদন ছাড়া ঋণ বিতরণ, সিএসআরের অর্থের অপব্যবহার, ব্যাপক নিয়োগ ও পদোন্নতিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগও তুলে ধরেন তিনি। তাঁর দাবি, ব্যাংকটি দখলের পর প্রায় ৯ হাজার কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে এবং ৬ হাজার নতুন নিয়োগ দেওয়া হয়েছে।

শেয়ার মালিকানার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বৈধ ও প্রকৃত শেয়ারধারীদের কাছে ইসলামী ব্যাংকের মালিকানা ফিরিয়ে দিতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। কারা কত শতাংশ শেয়ারের মালিক, সেই তথ্যও প্রকাশের দাবি জানান তিনি।

এস আলম গ্রুপের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশের বাইরে অর্থ পাচারের সব অভিযোগ তদন্ত হওয়া উচিত। বাংলাদেশ ব্যাংকের নেতৃত্বে এ তদন্ত পরিচালনার আহ্বান জানান তিনি।

এদিকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি এবং বর্তমানে কোনো তদন্তও চলমান নেই। তবে নতুন অভিযোগ এলে তা খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।

প্রাইমটিভি/এনজি