সৌদির মরুভূমিতে জিয়ার বৃক্ষরোপণ উদ্যোগের সুফল আজও পাচ্ছেন হাজীরা: ডা. জুবায়দা রহমান

সৌদির মরুভূমিতে জিয়ার বৃক্ষরোপণ । সংগৃহীত
মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৫০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি এবং “ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে” বিজ্ঞান মেলা ২০২৬ এর উদ্বোধন করেছেন ডা. জুবায়দা রহমান।
মঙ্গলবার ( ৯ জুন) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সৌদি আরবের মরুভূমিতে বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই উদ্যোগের সুফল আজও ভোগ করছেন হজযাত্রীরা।
ডা. জুবায়দা রহমান বলেন, পৃথিবীকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও বাসযোগ্য করে যেতে হবে। একই সঙ্গে বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কারের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। বিজ্ঞান মানুষের জীবনকে সহজ করে এবং নানা সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, মেধা, উদ্ভাবন ও সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে বিজ্ঞান মেলা তরুণদের মধ্যে নতুন অনুপ্রেরণা সৃষ্টি করবে। বিজ্ঞানের বিভিন্ন উদ্ভাবন দেশের বিদ্যমান অনেক সমস্যার সমাধানেও কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম ইউসুফ হায়দার, উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানসহ বিশিষ্ট ব্যক্তিরা।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তোলার আহ্বান জানানো হয়।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







