ব্যভিচারের অভিযোগে করা মামলায় ক্রিকেটার নাসির হোসাইন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।তবে এই রায়ে তীব্র হতাশা ও অসন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী এবং তামিমার সাবেক স্বামী রাকিব হাসান। তার দাবি, মামলায় পর্যাপ্ত তথ্য-প্রমাণ ও আইনি নথি আদালতে উপস্থাপন করা সত্ত্বেও তিনি কাঙ্ক্ষিত বিচার পাননি। এই রায়ের বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে আপিল করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন।

বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত আলোচিত এই বিয়ে-সংক্রান্ত মামলার রায় ঘোষণা করেন।রায় প্রকাশের পর আদালত প্রাঙ্গণে উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হন রাকিব হাসান। সেখানে তিনি নিজের ক্ষোভ ও হতাশার কথা তুলে ধরেন।

গণমাধ্যমের সাথে আলাপকালে রাকিব হাসান বলেন, "নাসির আমাকে নিজে ফোন দিয়ে বলেছিল, সে সবকিছু জেনে-শুনেই তামিমাকে বিয়ে করছে। আমরা আদালতের কাছে যথাযথ প্রমাণ ও অনেক এভিডেন্স জমা দিয়েছিলাম, এমনকি তদন্ত রিপোর্টও আমাদের পক্ষে ছিল। এরপরও যদি বাংলাদেশে ন্যায়বিচার না পাওয়া যায়, তাহলে সাধারণ মানুষ আর কোথায় যাবে?

রাকিবের অভিযোগ, মামলার তদন্ত ও বিচারিক প্রক্রিয়া চলাকালীন তাদের পক্ষ থেকে এমন সব অকাট্য তথ্য-প্রমাণ হাজির করা হয়েছিল, যা সরাসরি অভিযোগের সত্যতা প্রমাণ করে। দেশের বিচার ব্যবস্থার ওপর ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, "অ্যাকচুয়ালি টাকা যার আছে, ক্ষমতা যার আছে, পাওয়ার যার আছে তারই বিচার আছে। আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে কোনো বিচার নেই।"

রায়ের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপের বিষয়ে জানতে চাওয়া হলে রাকিব হাসান স্পষ্ট জানিয়ে দেন যে তিনি এখানেই থেমে থাকবেন না। আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, "আমরা এই রায়ের বিরুদ্ধে আপিলে যাব, ইনশাআল্লাহ।" নাসির-তামিমার খালাসের পর এখন উচ্চ আদালতের দিকেই তাকিয়ে আছেন এই মামলার বাদী।

প্রাইমটিভি/বিএম