হেলিকপ্টার হারিয়ে ইরানে হামলা চালালো যুক্তরাষ্ট্র

ইরানে যুক্তরাষ্ট্রর হামলা । সংগৃহীত
হরমুজ প্রণালিতে একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনায় ইরানকে দায়ী করে দেশটির সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে এ হামলা শুরু হয় বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
সেন্টকমের এক বিবৃতিতে বলা হয়, ইরানের “অন্যায্য আগ্রাসনের” জবাব হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। হামলায় ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার স্টেশন ও সামরিক নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করা হয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দাবি করেন, ভূপাতিত হেলিকপ্টারের দুই পাইলট নিরাপদে উদ্ধার হয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ওপর হামলার জবাব দেওয়া প্রয়োজন ছিল এবং নতুন এই অভিযান সেই প্রতিক্রিয়ারই অংশ।
এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বন্দর আব্বাস, কেশম ও সিরিকসহ পারস্য উপসাগরীয় উপকূল এলাকায় বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে। তবে হেলিকপ্টার ভূপাতিতের দায় এখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি তেহরান।
হামলার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, কোনো হামলা বা হুমকি বিনা জবাবে ফেলে রাখা হবে না। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে বিদেশি বাহিনীর উচিত অঞ্চল ত্যাগ করা।
মার্কিন ওয়েবসাইট এক্সিওসের তথ্য অনুযায়ী, ইরানের প্রতিরক্ষা ও রাডার সক্ষমতাকে দুর্বল করতেই এ হামলা পরিচালনা করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক যুদ্ধবিরতির পর আবারও যুক্তরাষ্ট্র, ইরান ও আঞ্চলিক মিত্রদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।
সুত্রঃ বিবিসি
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








