দক্ষিণ কোরিয়ার সাবেক রাষ্ট্রপতিকে ৩০ বছরের কারাদণ্ড

ছবি- সংগৃহীত
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়লকে একটি ড্রোন অভিযান সংক্রান্ত মামলায় ৩০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। আজ শুক্রবার (১২ জুন) সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট এ রায় দেন বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে।
মামলার প্রসিকিউটরদের অভিযোগ, ২০২৪ সালে উত্তর কোরিয়ার আকাশসীমায় সামরিক ড্রোন পাঠানোর পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে ইউন সরাসরি জড়িত ছিলেন। এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল দেশে একটি কৃত্রিম নিরাপত্তা সংকট তৈরি করে সামরিক আইন জারির অনুকূল পরিস্থিতি তৈরি করা। উত্তর কোরিয়ার দাবি অনুযায়ী, ওই ড্রোন থেকে পিয়ংইয়ংয়ে প্রচারপত্র ছড়ানো হয়েছিল, যা দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা বহুগুণ বাড়িয়ে দেয়। জাতীয় নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলার এই অপরাধে প্রসিকিউশন ইউনের ৩০ বছরের সাজা দাবি করেছিল।
তবে ইউন শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছেন। তার আইনজীবীদের দাবি, উত্তর কোরিয়ার আবর্জনাবাহী বেলুন পাঠানোর প্রতিক্রিয়ায় ওই পদক্ষেপ নেওয়া হয়েছিল এবং এর সঙ্গে সামরিক আইন জারির কোনো সম্পর্ক ছিল না।
উল্লেখ্য, এর আগে সামরিক আইন জারির প্রচেষ্টাকে কেন্দ্র করে বিদ্রোহের নেতৃত্ব দেওয়ার পৃথক এক মামলায় ইউনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। অভিশংসনের মাধ্যমে ক্ষমতা হারানোর পর দেশটির বর্তমান প্রেসিডেন্ট নির্বাচিত হন উদারপন্থি নেতা লি জে মিয়ং। আইন বিশেষজ্ঞদের মতে, ইউন সুক ইয়ল চাইলে এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করতে পারবেন।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








