ভারত সীমান্তে বিএসএফকে ১০০ কিলোমিটার জমি হস্তান্তর : শুভেন্দু

ছবি- সংগৃহীত
ভারতের সীমান্ত নিরাপত্তা জোরদারে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে ইতোমধ্যে প্রায় ১০০ কিলোমিটার জমি হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
শুক্রবার (১২ জুন) কলকাতার নিউটাউনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, “প্রতিদিনই বিএসএফকে জমি হস্তান্তর করা হচ্ছে। এখন পর্যন্ত প্রায় ১০০ কিলোমিটার এলাকার জমি বিএসএফের হাতে দেওয়া হয়েছে।”
সীমান্ত নিরাপত্তা প্রসঙ্গে তিনি আরও বলেন, উত্তরবঙ্গের “চিকেন নেক” এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ চলছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই তা শেষ করার পরিকল্পনা রয়েছে। তাঁর মতে, এসব উদ্যোগ দেশের নিরাপত্তার স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তবে বাংলাদেশ সীমান্ত থেকে ভারতীয় নাগরিকদের ‘পুশ-ইন’ ইস্যুতে প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। এ বিষয়ে তিনি বলেন, সীমান্ত সংক্রান্ত যেকোনো নীতি বা সিদ্ধান্ত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত।
তিনি আরও উল্লেখ করেন, ভারত-বাংলাদেশ সীমান্ত শুধু পশ্চিমবঙ্গের সঙ্গে সীমাবদ্ধ নয়, এটি একাধিক রাজ্যের সঙ্গে যুক্ত। ফলে এ বিষয়ে সিদ্ধান্ত ও বক্তব্য দেওয়ার দায়িত্ব কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের।
সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিয়ে চলমান আলোচনার মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এই মন্তব্য নতুন করে গুরুত্ব পেয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








