১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করছে ব্রিটেন

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার । সংগৃহীত
১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। একই সঙ্গে গেমিং ও লাইভ-স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর ওপরও কঠোর নিয়ন্ত্রণ আরোপের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।
সোমবার (১৫ জুন) রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, স্ন্যাপচ্যাট, টিকটক, ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম এবং অপরিচিতদের সঙ্গে শিশুদের যোগাযোগের সুযোগ করে দেওয়া গেমিং প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধে এই পদক্ষেপ নিতে যাচ্ছে ব্রিটিশ সরকার।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কিয়ার স্টারমার বলেন, এই উদ্যোগ শিশুদের ‘শৈশব ফিরিয়ে দেবে’। তার ভাষায়, সম্পূর্ণ নিষেধাজ্ঞাই সবচেয়ে কার্যকর সমাধান, যা শিশুদের আরও নিরাপদ ও সুখী করে তুলবে এবং তাদের বেড়ে ওঠার জন্য বেশি স্বাধীনতা ও সুযোগ সৃষ্টি করবে।
অস্ট্রেলিয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বয়সভিত্তিক নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাজ্য আরও কঠোর অবস্থান নিচ্ছে। ব্রিটিশ সরকার জানিয়েছে, ইউটিউব, ফেসবুক ও এক্স এই নীতির আওতায় আসবে। তবে হোয়াটসঅ্যাপ ও সিগন্যালের মতো মেসেজিং সেবাগুলো এর বাইরে থাকবে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষজ্ঞদের একাংশ এই নিষেধাজ্ঞার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের মতে, এমন সিদ্ধান্ত তরুণদের আরও ঝুঁকিপূর্ণ ও অনিয়ন্ত্রিত অনলাইন প্ল্যাটফর্মের দিকে ঠেলে দিতে পারে।
অন্যদিকে ইউটিউব, স্ন্যাপচ্যাট ও মেটাসহ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বলছে, তারা ইতোমধ্যে কিশোর-কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন সুরক্ষা ব্যবস্থা চালু করেছে। তাদের দাবি, সম্পূর্ণ নিষেধাজ্ঞা তরুণদের বন্ধু, পরিবার ও অনলাইন কমিউনিটি থেকে বিচ্ছিন্ন করার ঝুঁকি তৈরি করতে পারে।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









