ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পশ্চিমবঙ্গ সফরকে ঘিরে কলকাতার রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ২১ জুন অনুষ্ঠানে যোগ দিতে শনিবার পশ্চিমবঙ্গে পৌঁছানোর কথা রয়েছে তার। এ উপলক্ষে রেড রোডে মঞ্চ নির্মাণসহ বিভিন্ন প্রস্তুতির কারণে গত রোববার রাত থেকে আগামী ২১ জুন পর্যন্ত ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

তবে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য রেড রোড ব্যবহারের অনুমতি দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের একাংশের অভিযোগ, সম্প্রতি ঈদের নামাজের জন্য একই স্থানে অনুমতি দেওয়া হয়নি। তাদের প্রশ্ন, এক ধরনের ধর্মীয় বা সামাজিক কর্মসূচির অনুমতি দেওয়া হলে অন্যটির ক্ষেত্রেও সমান সুযোগ থাকা উচিত।

এ বিষয়ে মঙ্গলবার (১৬ জুন) রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষের কাছে জানতে চাইলে তিনি বলেন, প্রধানমন্ত্রী সফরে এলে নিরাপত্তাজনিত কারণে বিভিন্ন সড়ক বন্ধ রাখা স্বাভাবিক বিষয়। তার দাবি, রেড রোডে যান চলাচল তুলনামূলক কম হওয়ায় সেখানেই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

তবে ঈদের নামাজের জন্য রেড রোড ব্যবহারের অনুমতি না দেওয়ার প্রসঙ্গে দিলীপ ঘোষের মন্তব্য ঘিরে বিতর্ক আরও তীব্র হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর মতো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তির সফরের সঙ্গে অন্য কোনো আয়োজনের তুলনা করা যায় না। পাশাপাশি বাংলাদেশ ও পাকিস্তানের প্রসঙ্গ টেনে দেওয়া তার মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

এদিকে বিরোধী রাজনৈতিক মহল ও বিভিন্ন নাগরিক সংগঠন দিলীপ ঘোষের বক্তব্যের সমালোচনা করেছে। তাদের দাবি, গণতান্ত্রিক সমাজে সব সম্প্রদায়ের প্রতি সমান আচরণ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। অন্যদিকে বিজেপি সমর্থকদের একটি অংশ তার বক্তব্যের পক্ষে অবস্থান নিয়েছে।

আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে কলকাতায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে রেড রোডকে ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক বিতর্ক এখন পশ্চিমবঙ্গের আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে।

প্রাইমটিভি/এনজি