যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত শান্তি চুক্তির পর যুদ্ধবিরতি কার্যকর থাকলেও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। চলমান সংঘাতের মধ্যেই দক্ষিণ লেবাননে চার ইসরায়েলি সেনা নিহত হওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতমার বেন গভির।

শুক্রবার (১৯ জুন) ইসরায়েলি সেনাবাহিনী জানায়, দক্ষিণ লেবাননে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে চার সেনা নিহত হন। ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে বেন গভির বলেন, পুরো লেবাননকে ‘পুড়িয়ে ছারখার করে দিতে হবে’।

তার এই মন্তব্য নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে এবং চলমান সংঘাত আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

ইসরায়েলি মন্ত্রী আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রতি সম্মান রেখেই তিনি বলছেন—ইসরায়েলকে স্পষ্টভাবে জানাতে হবে যে তাদের নাগরিকদের রক্ত ও নিরাপত্তা নিয়ে কোনো আপস হতে পারে না। তার ভাষায়, “পুরো লেবাননকে অবশ্যই পুড়িয়ে ছারখার করে দিতে হবে।”

এর আগে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। তবে ওই চুক্তির আওতায় ঘোষিত যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে।

এদিকে লেবানন কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত চালানো হামলায় হতাহতদের উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম ব্যাহত হয়েছে। প্রাথমিক হিসেবে ১৮ জন নিহত এবং ৩৩ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

প্রাইমটিভি/এমএইচ