লেবাননে ইসরাইলি হামলায় ১৬ জন নিহত

ছবিঃসংগৃহীত
দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ জেলায় ইসরাইলি বিমান হামলা ও গোলাবর্ষণে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ হামলায় আরও কয়েকজন আহত ও নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে লেবাননের জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ)। খবর আল জাজিরা।
এনএনএর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার মধ্যরাতের পর শুরু হওয়া এই হামলা সাম্প্রতিক সময়ে নাবাতিয়েহ অঞ্চলে চালানো সবচেয়ে তীব্র ইসরাইলি সামরিক অভিযানের অন্যতম। হামলায় একাধিক আবাসিক ভবন লক্ষ্যবস্তুতে পরিণত হয়।
সংস্থাটি জানায়, নাবাতিয়েহ শহর, কফার জৌজ, কফার রেমান ও জেবদিনসহ আশপাশের বিভিন্ন এলাকায় প্রথমে কামানের গোলাবর্ষণ চালায় ইসরাইলি বাহিনী। এরপর কফার তিবনিত ও রাইহান পাহাড়ি এলাকায় ধারাবাহিক বিমান হামলা চালানো হয়।
হামলায় নাবাতিয়েহ ও হারুফ এলাকায় অন্তত আটজন নিহত হন। এছাড়া আল-শারকিয়া ও দুয়েইরের মধ্যবর্তী একটি বাড়িতে হামলায় চারজন এবং কফার সির শহরে পৃথক হামলায় আরও তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
অন্যদিকে, দুয়েইর পৌরসভা ভবনের কাছে একটি মোটরসাইকেল লক্ষ্য করে চালানো ইসরাইলি ড্রোন হামলায় একজন নিহত এবং আরও একজন আহত হয়েছেন বলে জানিয়েছে এনএনএ।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









