শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জানিয়েছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন। এক বার্তায় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তার অবদান এবং ১৯৭১ সালের ঐতিহাসিক বেতার ভাষণের কথা স্মরণ করেছে প্রতিষ্ঠানটি।

শনিবার (৩০ মে) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে ভারতীয় হাইকমিশন জানায়, বাংলাদেশের জনগণ আজ জাতির অন্যতম সাহসী সন্তান, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে স্মরণ করছে।

পোস্টে আরও বলা হয়, ১৯৭১ সালের মার্চ মাসে দেওয়া তার ঐতিহাসিক বেতার ভাষণ জনগণকে উজ্জীবিত করেছিল, নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধে উদ্বুদ্ধ করেছিল এবং দেশের স্বাধীনতা সংগ্রামকে এগিয়ে নিয়েছিল।

ভারতীয় হাইকমিশন তাদের বার্তায় বাংলাদেশ ও ভারতের জনগণের যৌথ ত্যাগের ইতিহাসের কথাও উল্লেখ করে। তারা জানায়, মুক্তিযুদ্ধের সময় যেমন দুই দেশের মানুষের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক গড়ে উঠেছিল, তেমনি আজও অগ্রগতি ও সমৃদ্ধির অভিন্ন যাত্রায় ভারত বাংলাদেশের জনগণের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে রয়েছে।

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে দেওয়া এই বার্তাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

প্রাইমটিভি/এনজি