রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির পশুর বর্জ্য এবং আগের জমে থাকা ময়লা আবর্জনা যথাযথভাবে পরিষ্কার না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর প্রেক্ষিতে শনিবার ( ৩০ মে) সকালে হাতিরঝিলের দৃষ্টিনন্দন লেক এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমকে জানান, ঈদুল আজহার পরদিন রাজধানীর বিভিন্ন এলাকার বর্জ্য পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে বের হন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি রাজধানীর হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিনরোড, ফার্মগেট এবং কারওয়ান বাজার এলাকা ঘুরে দেখেন।

পরিদর্শনকালে এসব এলাকায় রাস্তার ওপর কোরবানির পশুর বর্জ্য এবং আগের জমে থাকা ময়লা আবর্জনা পড়ে থাকতে দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেওয়া হয় বলে জানা যায়।

এরপর থেকেই রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রশাসনের তৎপরতা বাড়ে। এর ধারাবাহিকতায় শনিবার ( ৩০ মে) সকাল থেকেই হাতিরঝিল লেক এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক।

উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি আরও জানান, প্রধানমন্ত্রীর পরিদর্শন ও নির্দেশনার পরই হাতিরঝিল এলাকায় এই বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয়েছে, যা ধারাবাহিকভাবে অন্যান্য এলাকাতেও পরিচালিত হতে পারে।

প্রাইমটিভি/এনজি