সীমান্ত নিরাপত্তায় বিজিবির সঙ্গে মাঠে আনসার-ভিডিপি সদস্যরা

ছবি- সংগৃহীত
দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সহায়ক শক্তি হিসেবে সীমান্ত এলাকায় দায়িত্ব পালন শুরু করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) সদস্যরা।
সোমবার (৮ জুন) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান এ তথ্য জানান।
তিনি বলেন, ২০২৫ সালে বিজিবি ও আনসার-ভিডিপি বাহিনীর মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় সীমান্তবর্তী এলাকায় সমন্বিত নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর মাধ্যমে বিজিবির সঙ্গে আনসার-ভিডিপি সদস্যদের সম্পৃক্ততা সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা কার্যক্রমকে আরও কার্যকর ও সমন্বিত করেছে।
সমঝোতা স্মারক অনুযায়ী, রাষ্ট্রীয় প্রয়োজন ও নিরাপত্তাগত চাহিদার প্রেক্ষাপটে আনসার-ভিডিপি সদস্যরা বিজিবির সঙ্গে সমন্বয় করে দেশের ১১টি সীমান্ত জেলায় দায়িত্ব পালন করছেন। এসব জেলার মধ্যে রয়েছে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, ঠাকুরগাঁও, দিনাজপুর, সিলেট, জামালপুর এবং খাগড়াছড়ি।
সংশ্লিষ্ট উপজেলা ও থানা পর্যায়ে আনসার-ভিডিপি এবং টিডিপি সদস্যদের ইতোমধ্যে মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।
এছাড়া, যেকোনো উদ্ভূত পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া এবং প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত জনবল সরবরাহের লক্ষ্যে আনসার ব্যাটালিয়নের সদস্যদেরও প্রস্তুত ও সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
মো. আশিকউজ্জামান বলেন, সীমান্ত নিরাপত্তা কার্যক্রমে আনসার-ভিডিপির অংশগ্রহণ জাতীয় নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে এবং বিজিবির দায়িত্ব পালনে সহায়ক ভূমিকা রাখছে। এর ফলে সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি, আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধ এবং স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে একটি সমন্বিত ও টেকসই নিরাপত্তা কাঠামো গড়ে উঠছে।
প্রাইমটিভি/কেআর

জেলা প্রতিনিধি
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






