আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদ্যাপিত

জাতিসংঘ শান্তিরক্ষী দিবস । সংগৃহীত
বাংলাদেশে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হয়েছে। সরকারি বর্ষপঞ্জি অনুযায়ী ২৯ মে ঈদুল আজহার ছুটি চলমান থাকায় এ বছর দিবসটির সব কর্মসূচি ১০ জুন অনুষ্ঠিত হয়। দিবসটির প্রতিপাদ্য ছিল ‘ইনভেস্ট ইন পিস’।
এ উপলক্ষে বুধবার (১০ জুন) সকালে ঢাকার সেনানিবাসের সেনাকুঞ্জে শহীদ ও আহত শান্তিরক্ষীদের পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের পর শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে শহীদ হওয়া সদস্যদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের ওপর বিশেষ উপস্থাপনা প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেঝনিয়াক। বক্তব্য দেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম। সবশেষে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, তিন বাহিনীর প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশের মহাপরিদর্শক, জাতিসংঘের মহাসচিব এবং বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী পৃথক বাণী দেন।
অনুষ্ঠানে সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি, বিদেশি কূটনীতিক, জাতিসংঘের কর্মকর্তাসহ সামরিক ও অসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে দিবসটির গুরুত্ব তুলে ধরতে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বিশেষ টকশো প্রচার করা হয়েছে। পাশাপাশি ‘ইন্টারন্যাশনাল ডে অব ইউনাইটেড নেশনস পিসকিপার্স জার্নাল’-এর ১২তম সংস্করণও প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশ দীর্ঘদিন ধরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। বিশ্বের বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশি শান্তিরক্ষীদের ভূমিকা আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়ে আসছে।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।




