দেশের ১৯টি জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বৃহস্পতিবার (১১ জুন) সকালের মধ্যে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ আব্দুল হামিদ মিয়া জানান, ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অন্তর্গত ১৯টি অঞ্চলের ওপর দিয়ে পূর্ব বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।

এদিকে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দেশের অর্ধেক অঞ্চলে অগ্রসর হয়েছে, যা আগামী ২-৩ দিনে সারা দেশে ছড়িয়ে পড়বে। এর প্রভাবে আজ সন্ধ্যা পর্যন্ত দেশের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।

আগামী শুক্রবার থেকে সোমবার পর্যন্ত রংপুর, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা বেশি থাকবে। পরবর্তী ৫ দিনে বৃষ্টিপাত আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১০৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে খেপুপাড়ায়। বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পটুয়াখালীতে ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় ছিল ৩২.১ ডিগ্রি সেলসিয়াস।

প্রাইমটিভি/বিএম