২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা খাতে মোট ৮৯ হাজার ৩৮০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পরিকল্পনা থাকলেও এই খাতে আলাদাভাবে কোনো বাড়তি অর্থ রাখা হয়নি।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মোট বরাদ্দের মধ্যে ক্যাডার কর্মকর্তাদের বেতন ১৩ হাজার ৮৭৪ কোটি, কর্মচারীদের বেতন ৩০ হাজার ৬৭১ কোটি এবং কর্মকর্তা-কর্মচারীদের যৌথ ভাতা খাতে ৪৪ হাজার ৮৩৫ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। চলতি অর্থবছরের মূল বাজেটে এ খাতে বরাদ্দ ছিল ৮৪,১১৪ কোটি টাকা, যা সংশোধিত বাজেটে ৮৪,৭৩৯ কোটি টাকা করা হয়।

কর্মকর্তারা জানান, জুলাই থেকে নতুন বেতন কাঠামো আংশিক বা মূল বেতনের অর্ধেক বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। তবে পে কমিশনের মূল সুপারিশ হুবহু কার্যকর হচ্ছে না। এটি পর্যালোচনায় গঠিত সচিব কমিটির রিপোর্টের ভিত্তিতে বেতন বৃদ্ধির হার কিছুটা কমতে পারে।

বাজেটে সরাসরি বরাদ্দ না থাকলেও নতুন স্কেল বাস্তবায়নে অর্থের সংকট হবে না বলে জানিয়েছে মন্ত্রণালয়। বিভিন্ন খাতে রাখা প্রায় ৩৭ হাজার কোটি টাকার থোক ও অপ্রত্যাশিত বরাদ্দ থেকে এই বাড়তি খরচ মেটানো হবে।

প্রাইমটিভি/বিএম