ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় হজ যাত্রীর হারিয়ে যাওয়া লাগেজকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার (১৩ জুন) দুপুরে কসবা উপজেলা শহরের কদমতলী মোড় এলাকায় শাহপুর ও আড়াইবাড়ী গ্রামের লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকাজুড়ে উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছর শাহপুর গ্রামের এক বৃদ্ধা হজ পালনের জন্য সৌদি আরব যান। দেশে ফেরার পর তার একটি লাগেজ হারিয়ে যায়। গত বৃহস্পতিবার সন্ধ্যায় হারানো লাগেজের বিষয়ে জানতে তিনি আড়াইবাড়ী গ্রামের মোহাম্মদ গিয়াস উদ্দিন পরিচালিত কসবা হজ কাফেলা অফিসে যান।

এ সময় লাগেজ হারানোর দায়-দায়িত্ব নিয়ে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়, যা একপর্যায়ে হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। পরে বিষয়টি নিয়ে উভয় গ্রামের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা তৈরি হয়।

এর জের ধরে শনিবার দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনিন সুলতানা জানান, পূর্ববিরোধ ও লাগেজ সংক্রান্ত ঘটনার জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

প্রাইমটিভি/এমএইচ