জনকণ্ঠে গণছাঁটাই ও হয়রানির প্রতিবাদে অবস্থান কর্মসূচি

জনকণ্ঠে গণছাঁটাই প্রতিবাদে কর্মসূচি
দৈনিক জনকণ্ঠে গণছাঁটাই, কারণ দর্শানোর নোটিশ প্রদান, বকেয়া বেতন-ভাতা পরিশোধে বিলম্ব এবং পত্রিকা অফিস বন্ধ রাখার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন সাংবাদিক ও কর্মচারীরা। শনিবার (১৪ জুন) দুপুরে জনকণ্ঠ ভবনের সামনে দৈনিক জনকণ্ঠ সাংবাদিক-কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অবস্থান কর্মসূচিতে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিদারুল আলম অভিযোগ করেন, জনকণ্ঠ কর্তৃপক্ষ দেশপ্রেমিক সাংবাদিক ও কর্মচারীদের বিরুদ্ধে বেআইনি সিদ্ধান্ত গ্রহণ করছে এবং গণহারে ছাঁটাই ও শোকজ প্রদান করছে। তিনি অবিলম্বে ছাঁটাইপত্র ও শোকজ প্রত্যাহার, বকেয়া বেতন-ভাতা পরিশোধ, হয়রানি বন্ধ এবং পত্রিকা অফিস খুলে দেওয়ার দাবি জানান।
অনুষ্ঠানে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন বলেন, সাংবাদিকদের ওপর নির্যাতন ও হয়রানির মাধ্যমে পরিস্থিতি আরও জটিল করা হচ্ছে। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলারও হুঁশিয়ারি দেন তিনি।
এ সময় বক্তব্য দেন দৈনিক জনকণ্ঠের ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক ও ঢাকা সাব এডিটরস কাউন্সিলের যুগ্ম সাধারণ সম্পাদক মুনির জারিফ, বিশেষ প্রতিনিধি ও ডিআরইউর সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ জসিম এবং মহাব্যবস্থাপক মফিজুর রহমানসহ অন্যান্য নেতারা।
বক্তারা অভিযোগ করেন, জনকণ্ঠে কর্মরত সাংবাদিক ও কর্মচারীদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে হয়রানিমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে। তারা অবিলম্বে ছাঁটাই ও কারণ দর্শানোর নোটিশ প্রত্যাহার এবং পত্রিকা চালুর দাবি জানান। অন্যথায় অফিস ঘেরাওসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তারা।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।





