সিরাজগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের হওয়া দুই পৃথক মানহানি মামলায় জামিন পেয়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামি বক্তা মুফতি আমির হামজা।

রোববার (১৪ জুন) দুপুরে আদালতে আত্মসমর্পণ করে তিনি নিয়মিত জামিনের আবেদন করেন। শুনানি শেষে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমন কুমার সূত্রধর তার জামিন আবেদন মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা যায়, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে আরাফাত রহমান কোকো এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে দেওয়া বক্তব্যের জেরে পৃথক দুই ব্যক্তি তার বিরুদ্ধে দুটি মানহানির মামলা দায়ের করেন।

শুনানিতে মুফতি আমির হামজার পক্ষে আইনজীবী মো. আবু তালেব এবং বাদীপক্ষের হয়ে সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির কর্নেল আদালতে বক্তব্য উপস্থাপন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত দুটি মামলাতেই তার জামিন মঞ্জুর করেন।

এর আগে, ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে করা মানহানির মামলায় গত ২৭ এপ্রিল হাইকোর্ট থেকে আট সপ্তাহের আগাম জামিন পান মুফতি আমির হামজা। সেই জামিনের মেয়াদ শেষ হওয়ায় তিনি নিম্ন আদালতে হাজির হয়ে নিয়মিত জামিনের আবেদন করেন।

আদালতের এ আদেশের ফলে দুটি মামলায় আপাতত জামিনে মুক্ত থাকবেন তিনি। আলোচিত এসব মামলার পরবর্তী আইনি কার্যক্রম এখন নিম্ন আদালতের প্রক্রিয়া অনুযায়ী এগিয়ে যাবে।

প্রাইমটিভি