কেমন আছে বেনজীরের সাভানা পার্ক

বেনজীরের সাভানা পার্ক । প্রাইম টিভি
সাবেক আইজিপি বেনজীর আহমেদের ক্ষমতার দাপটে তৈরি হওয়া গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের চিত্র এখন অনেকটাই বদলে গেছে। রোববার (১৪ জুন) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বেনজীর আহমেদ গ্রেপ্তার হওয়ার পর আলোচনা এখন তুঙ্গে। সোমবার (১৫ জুন) সকালে সরেজমিনে পার্কের ভেতরে গিয়ে দেখা যায় এক নীরব ও দর্শনার্থীহীন পরিবেশ।
সকালের সাভানা পার্ক: যেন এক সুনসান অরণ্য
সোমবার সকাল ৯টায় পার্কের প্রধান ফটক বন্ধ দেখা যায়। পাশে কয়েকজন কর্মী দায়িত্ব পালন করছেন। মূল ফটকের পাশে অভ্যর্থনা কক্ষের সামনে এখন ঝুলছে আদালতের ক্রোকাদেশ ও পার্কের নিয়মাবলি সংবলিত দুটি সাইনবোর্ড।
ভেতরে ঢুকতেই ডান পাশে দুটি পুকুর আর তার পাশ দিয়ে চলে গেছে পাকা সড়ক। দক্ষিণ-পশ্চিম কোণে দাঁড়িয়ে আছে বিনোদনের জন্য নির্মিত ফেরিস হুইল। আরও কিছুটা এগোলে চোখে পড়ে ছোট ছোট কটেজ আর সুইমিংপুল। তবে কটেজগুলো ফাঁকা এবং সুইমিংপুলে নেই কোনো দর্শনার্থী।
ভয় দেখিয়ে জমি দখল: কাটেনি ভুক্তভোগীদের আতঙ্ক
গোপালগঞ্জ সদর উপজেলার বৈরাগী টোল গ্রামে প্রায় ৬০০ বিঘার বেশি জমির ওপর এই পার্ক গড়ে তুলেছিলেন বেনজীর আহমেদ। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের অভিযোগ ভয় দেখিয়ে, জোর করে এবং নানা কৌশলে তাঁদের কাছ থেকে এসব জমি কেনা হয়েছিল।
বৈরাগী টোল গ্রামের বাসিন্দের বক্তব্য “বেনজীর আহমেদ জোরপূর্বক জমি নিয়ে এলাকায় অশান্তি সৃষ্টি করেছিলেন। তাঁর গ্রেপ্তারের খবরে মানুষ খুশি হয়েছে। তবে প্রশাসনের কাছে তাদের দাবি, তাদের সম্পত্তিতে দ্রুত প্রবেশের ব্যবস্থা করে দেওয়া হোক।”
বর্তমানে পার্কটির দেখভাল ও ইজারার হিসাব
আদালতের নির্দেশে ২০২৪ সালের জুনে পার্কটি জব্দ করে দুদক ও জেলা প্রশাসন। এরপর পার্কের দেখভালের দায়িত্ব দেওয়া হয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জেলা মৎস্য কর্মকর্তাকে।
পরবর্তীতে দরপত্রের মাধ্যমে পার্কটি ইজারা দেওয়া হয়।
২০২৫ সালের ১ ফেব্রুয়ারি দরপত্রের মাধ্যমে সুরুচি ট্রেডার্স এক বছরের জন্য পার্ক ও পুকুর ইজারা নেয়। এর মধ্যে ২০টি পুকুরের ইজারামূল্য ছিল ৩৮ লাখ ৫০ হাজার টাকা এবং পার্কের ইজারামূল্য ছিল ৬৬ লাখ ৫০ হাজার টাকা। যৌথভাবে হিরক রায় ও হিমেল দাঁড়িয়া ইজারা নেন।
২০২৬ সালের ১ ফেব্রুয়ারি সুরুচি ট্রেডার্স ১০ শতাংশ মূল্য বৃদ্ধি করে ৭৩ লাখ ১৫ হাজার টাকায় পুনরায় শুধু পার্কের ইজারা নেয়। আগের বছরে পুকুরে লোকসান হওয়ায় এবার তারা পুকুর ইজারা নেয়নি। এ ছাড়া পার্কের পূর্ব পাশে মাদারীপুর অংশে থাকা ৩২ বিঘা বিল, পুকুর ও প্রায় সাড়ে ৩ একর আবাদি জমি পৃথকভাবে ইজারা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
লোকসানের মুখে ইজারাদাররা
পার্কের বর্তমান ইজারাদারের ভাষ্য, “গত বছর সব খরচ বাদ দিয়ে পুকুরে প্রায় ৪০ লাখ এবং পার্কে প্রায় ৩৫ লাখ টাকা লোকসান হয়েছে। বর্তমানে পুকুরগুলো প্রায় অকেজো, দর্শনার্থীও অনেক কম। গত বছর রাজনৈতিক ও নির্বাচনের কারণেও দর্শনার্থী কম ছিল। গত বছরের লোকসান কাটিয়ে উঠতেই আমরা ১০% মূল্য বাড়িয়ে এবার শুধু পার্কটি লিজ নিয়েছি।”
বর্তমানে পার্কে প্রায় ৪০ জন কর্মী কাজ করছেন এবং পার্কটির মাসিক পরিচালন ব্যয় প্রায় ৭ লাখ টাকা।
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ও গ্রেপ্তার প্রসঙ্গ
রোববার (১৪ জুন) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, বেনজীর আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয়েছিল। গত ১২ জুন সংযুক্ত আরব আমিরাত ই-মেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে বেনজীর আহমেদের দুবাইয়ে গ্রেপ্তার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







