সংসদ সদস্যদের আবাসিক ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেনের দাবি তুলে সম্প্রতি আলোচনায় আসা চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াতের সংসদ সদস্য ড. মিজানুর রহমান এবার নিজ এলাকায় একটি পূর্ণাঙ্গ রেলবন্দর প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন।

শুক্রবার (১৯ জুন) বিকেলে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে গেলে তার কাছে এ দাবি উত্থাপন করেন সংসদ সদস্য মিজানুর রহমান।

রেলস্টেশন পরিদর্শনকালে তিনি রহনপুর রেলওয়ে স্টেশনকে পূর্ণাঙ্গ রেলবন্দর হিসেবে গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন। একই সঙ্গে রহনপুর থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চালু, রাজশাহী-রহনপুর রুটে ট্রেনের সংখ্যা বৃদ্ধি, বিদ্যমান ট্রেনগুলোর বগি বাড়ানো, ২ নম্বর প্ল্যাটফর্ম ও ওভারব্রিজের ওপর শেড নির্মাণ এবং একটি ওয়াশফিড চালুর দাবি জানান।

এ সময় রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। তারা রেলসচিবের কাছে ১০ দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি হস্তান্তর করেন।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলে ড. মিজানুর রহমান বলেন, “রহনপুর রেলওয়ে স্টেশনের দুটি লাইন বৃদ্ধির জন্য সচিব মহোদয়ের কাছে অনুরোধ জানিয়েছি। তিনি আমাদের সব দাবি মনোযোগ দিয়ে শুনেছেন এবং পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন। পাশাপাশি ঢাকার সঙ্গে সংযোগ জোরদারে রাজশাহী পর্যন্ত শাটল ট্রেন চালুর দাবির প্রতিও তিনি ইতিবাচক সাড়া দিয়েছেন।”

তিনি আরও বলেন, “রহনপুর স্টেশন থেকে প্রতি মাসে প্রায় ৩ কোটি টাকা রাজস্ব আদায় হয়। স্টেশনের লাইন দুটি সম্প্রসারণ করা হলে রাজস্ব আরও বৃদ্ধি পাবে। আর রহনপুরে পূর্ণাঙ্গ রেলবন্দর বাস্তবায়িত হলে এটি দেশের অন্যতম আন্তর্জাতিক বাণিজ্যকেন্দ্রে পরিণত হতে পারে।”

উল্লেখ্য, গত বুধবার জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্যদের আবাসিক ফ্ল্যাটে দরজা-জানালার পর্দা, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন সরবরাহের দাবি জানিয়ে আলোচনার জন্ম দেন ড. মিজানুর রহমান।

প্রাইমটিভি/কেআর