বাংলাদেশের প্রযুক্তি খাতে নতুন সংযোজন হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আধুনিক ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম একশো। ডেটা স্টেট লিমিটেড-এর উদ্যোগে নির্মিত এই প্ল্যাটফর্মের লক্ষ্য হলো নিরাপদ ও স্বচ্ছ অনলাইন ফান্ড সংগ্রহ ব্যবস্থার মাধ্যমে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মানবিক ও সামাজিক উদ্যোগ বাস্তবায়নে আর্থিক সহায়তা প্রদান করা।

আন্তর্জাতিক মানের ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্মের আদলে তৈরি একশো-এর মাধ্যমে ব্যবহারকারীরা মাত্র পাঁচ মিনিটের মধ্যেই নিজেদের ফান্ড সংগ্রহ কার্যক্রম শুরু করতে পারবেন। চিকিৎসা সহায়তা, শিক্ষা, ক্ষুদ্র ব্যবসার সম্প্রসারণ, মানবিক সহায়তা, প্রাণী কল্যাণ এবং কমিউনিটি উন্নয়নসহ বিভিন্ন খাতে দেশি ও প্রবাসী দাতাদের কাছ থেকে অনুদান সংগ্রহের সুযোগ রয়েছে এই প্ল্যাটফর্মে।

স্বচ্ছতা ও আস্থার পরিবেশ নিশ্চিত করতে প্ল্যাটফর্মটিতে যুক্ত করা হয়েছে পরিচয় যাচাই ব্যবস্থা, ক্যাম্পেইন পর্যবেক্ষণ ব্যবস্থা, নিরাপদ পেমেন্ট ব্যবস্থা এবং তাৎক্ষণিক অনুদান ট্র্যাকিং সুবিধা। উদ্বোধনী অনুষ্ঠানে একশো চালু করে বিশেষ প্রচারণা “একশো টাকা শক্তি”, যার মূল বার্তা হলো অল্প অল্প অনুদান একত্রিত হয়ে বড় সামাজিক পরিবর্তন আনতে পারে।

একশো-এর প্রতিষ্ঠাতা মানসিফ সিদ্দিকী বলেন, “আমরা এমন একটি নির্ভরযোগ্য ডিজিটাল প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাই, যেখানে বাংলাদেশের মানুষ প্রয়োজনে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াতে পারবে এবং কমিউনিটি ভিত্তিক সহায়তার একটি শক্তিশালী সংস্কৃতি গড়ে উঠবে।”

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ইতোমধ্যে চিকিৎসা সহায়তা, প্রাণী কল্যাণ এবং জীবিকা উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সফলভাবে অর্থ সংগ্রহে সহায়তা করেছে একশো। এই উদ্যোগ বাংলাদেশের ডিজিটাল ক্রাউডফান্ডিং ব্যবস্থার সম্ভাবনাকে আরও শক্তিশালী করছে এবং সামাজিক সহায়তার নতুন দিগন্ত উন্মোচন করছে।

প্রাইমটিভি/এনজি