রাশেদ খাঁনকে ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের পাশে রাখবো: হানজালা

ছবিঃসংগৃহীত
মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালা ও বিএনপি নেতা রাশেদ খাঁনের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি মন্তব্য ঘিরে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে।
সম্প্রতি এক সালিশ বৈঠকে বিএনপির এক কর্মীর সঙ্গে এমপি হানজালার উত্তপ্ত আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় সমালোচনা করে বিএনপি নেতা রাশেদ খাঁন ফেসবুকে মন্তব্য করেন, এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা উচিত।
এর প্রতিক্রিয়ায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমপি হানজালা রাশেদ খাঁনের মন্তব্যের জবাব দেন। তিনি লেখেন, রাশেদ খাঁন তাকে চিড়িয়াখানায় দেখতে নিতে চান—তবে তিনি ‘বাঘের সঙ্গে থাকতে চান’, কারণ বাঘ নিজের পরিচয় নিয়ে বিভ্রান্ত নয়।

পোস্টে তিনি আরও লেখেন, রাশেদ খাঁনকে তিনি চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের একটি মহিষের পাশে রাখতে চান, যাতে দেখা যায় তারা কতক্ষণ একসঙ্গে থাকতে পারেন। একই সঙ্গে তিনি ব্যঙ্গাত্মক মন্তব্য করেন, প্রাণীটি যেন পরে নাম পরিবর্তনের আবেদন না করে।
এর আগে শনিবার (২০ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় এক মিনিটের একটি ভিডিওতে দেখা যায়, সালিশ বৈঠকের এক পর্যায়ে এমপি হানজালা উত্তেজিত হয়ে উপস্থিতদের উদ্দেশে উচ্চস্বরে কথা বলছেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “কথা বললেন কেন? এখানে কাউন্টার দিলেন কেন?” একপর্যায়ে তিনি টেবিল চাপড়ে বলেন, “চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো।”
পরে ওই ঘটনার সমালোচনা করে রাশেদ খাঁন তার পোস্টে এমপির আচরণকে ‘অসৌজন্যমূলক’ বলে উল্লেখ করেন এবং তাকে চিড়িয়াখানায় রাখার মতো মন্তব্য করেন। তিনি দাবি করেন, একজন জনপ্রতিনিধির এমন আচরণ গ্রহণযোগ্য নয়।
এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের পাল্টাপাল্টি মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









