প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া ও চীন সফরে রওনা হয়েছেন। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দুই দিনের সরকারি সফরে রোববার (২১ জুন) দুপুরে তিনি ঢাকা ত্যাগ করেন। সফরটি গত ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর তার প্রথম রাষ্ট্রীয় সফর হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজের তথ্য অনুযায়ী, দুপুর ২টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি কুয়ালালামপুরের উদ্দেশে যাত্রা করেন। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী জুবাইদা রহমান। এছাড়া মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য, উপদেষ্টা, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং ব্যক্তিগত কর্মকর্তারাও সফরসঙ্গী হয়েছেন।

পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন, সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী ২১ ও ২২ জুন মালয়েশিয়ায় অবস্থান করবেন এবং ২৩ থেকে ২৬ জুন চীন সফর করবেন। মালয়েশিয়া সফর শেষে তিনি ২২ জুন সন্ধ্যায় চীনের দালিয়ান প্রদেশে পৌঁছানোর কথা রয়েছে।

মালয়েশিয়ায় অবস্থানকালে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠক এবং পরে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা ও জনযোগাযোগসহ বিভিন্ন বিষয় স্থান পাবে। এছাড়া বাংলাদেশি কর্মী নিয়োগ, আসিয়ানে বাংলাদেশের যোগদান এবং রোহিঙ্গা প্রত্যাবাসনে মালয়েশিয়ার সমর্থন চাওয়ার বিষয়ও আলোচনায় থাকবে।

চীন সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান ডব্লিউইএফ সম্মেলনে অংশ নেবেন এবং বিভিন্ন আন্তর্জাতিক নেতার সঙ্গে বৈঠক করবেন। তিনি বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরবেন। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংসহ শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে একাধিক সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।

সফর শেষে ২৬ জুন ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

প্রাইমটিভি/এনজি