পাথরবোঝাই ট্রাক উল্টে চালক ও সহকারী নি'হ'ত

ছবিঃ সংগৃহীত
কুষ্টিয়া সদর উপজেলার বাইপাস সড়কে পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে চালক ও তার সহকারী নিহত হয়েছেন।
রবিবার (২১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া বাইপাস সড়কের ত্রিমোহনী ও বটতৈল এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ট্রাকচালক আনিচুর রহমান আনিস এবং তার সহকারী রতন আলী। তারা দুজনই ফরিদপুর সদর উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী জানান, ট্রাকটি চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ থেকে পাথরবোঝাই করে ফরিদপুরের উদ্দেশে যাচ্ছিল। কুষ্টিয়া বাইপাস সড়ক অতিক্রমের সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি পাশের খাদে পড়ে যায়। পরে এতে আগুন ধরে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং ট্রাকচালক আনিচুর রহমান আনিসের মরদেহ উদ্ধার করে।
ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের টিম লিডার ও সিনিয়র স্টেশন ইনচার্জ আরশেদ আলী জানান, পাথরের নিচে চাপা পড়ায় চালকের সহকারী রতন আলীকে উদ্ধার করতে কিছুটা সময় লাগে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটি বা চালক ঘুমিয়ে পড়ার কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে। তবে তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






