আর্জেন্টিনায় উন্মোচিত হলো ফুটবল তারকা লিওনেল মেসির সবচেয়ে বড় ভাস্কর্য। দেশটির প্যাটাগোনিয়া অঞ্চলের কাট্রাল কো শহরে নির্মিত এই ভাস্কর্যের উচ্চতা ২৬ মিটার এবং ওজন প্রায় ৭০ টন।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম ইনফোবে জানিয়েছে, আর্জেন্টিনার বিশ্বকাপ ম্যাচকে সামনে রেখে ভাস্কর্যটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। জাতীয় মহাসড়ক ২২ এবং ম্যানুয়েল সাভিও সড়কের সংযোগস্থলে স্থাপিত ভাস্কর্যটিতে মেসিকে বসা অবস্থায় দেখানো হয়েছে।

ইস্পাতের কাঠামোর ওপর তিন স্তরের কংক্রিট দিয়ে তৈরি ভাস্কর্যটিতে আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি পরিহিত মেসিকে দেখানো হয়েছে। ভাস্কর্যের সামনে রাখা হয়েছে বিশ্বকাপ ট্রফির প্রতিরূপ এবং বুকে যুক্ত করা হয়েছে আর্জেন্টিনার তিনটি বিশ্বকাপ জয়ের প্রতীক তিনটি সোনালি তারা।

ভাস্কর্যটির নির্মাতা ভাস্কর অ্যালদো বেরোইসা। তিনি কাট্রাল কো শহরের স্থানীয় শ্রমিকদের নিয়ে প্রায় এক বছর ধরে প্রকল্পটির কাজ সম্পন্ন করেন। উদ্বোধনের আগ মুহূর্ত পর্যন্ত দলটি রাতভর কাজ করে শেষ প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানান তিনি।

জানা গেছে, শুরুতে মেসির প্রকৃত উচ্চতা অনুযায়ী ১ দশমিক ৭২ মিটার ভাস্কর্য নির্মাণের পরিকল্পনা ছিল। তবে অ্যালদো বেরোইসা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে ২৬ মিটার উচ্চতার বিশাল ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নেন।

উল্লেখ্য, গত বছর ভারতের কলকাতা শহরে মেসির সফর উপলক্ষে ২১ মিটার উঁচু একটি ভাস্কর্য নির্মাণ করা হয়েছিল। তবে কাঠামোর স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন ওঠায় পরে সেটি সরিয়ে ফেলা হয়।

প্রাইমটিভি/এনজি