অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

ছবিঃ সংগৃহীত
টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। এই জয়ের মধ্য দিয়ে স্বাগতিকদের ঘরের মাঠে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে সফরকারীরা।
রোববার (২১ জুন) চট্টগ্রামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। পাওয়ার প্লেতে ৩ উইকেট হারিয়ে মাত্র ২২ রান তোলে টাইগাররা। পরে একপ্রান্ত আগলে রেখে লড়াই করেন অধিনায়ক তাওহিদ হৃদয়। তবে অন্য প্রান্ত থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দল।
নুরুল হাসান সোহান ৬, শামীম হোসেন শূন্য, রিশাদ হোসেন ১৫ এবং নাসুম আহমেদ দ্রুত ফিরে গেলে চাপে পড়ে বাংলাদেশ। শেষদিকে লোয়ার অর্ডারের সঙ্গে ইনিংস টেনে নিয়ে যান হৃদয়। তিনি ৫১ বলে ৬১ রানে অপরাজিত থাকেন, যেখানে ছিল ৩টি চার ও ৩টি ছক্কা।
নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ ৮ উইকেটে ১০৯ রান সংগ্রহ করে। অস্ট্রেলিয়ার হয়ে স্পেন্সার জনসন ৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে ২ উইকেট নেন, যা টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার ইতিহাসে অন্যতম সেরা ইকোনমি রেট হিসেবে বিবেচিত হচ্ছে। এছাড়া অ্যাডাম জ্যাম্পাও নেন ২টি উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে অস্ট্রেলিয়া। অধিনায়ক মিচেল মার্শ ২৭ বলে ৬০ রানের ঝড়ো ইনিংস খেলেন, যেখানে ছিল একাধিক চার-ছক্কার মার।
মাত্র ১১ ওভারে ১১০ রানের লক্ষ্য পার করে যায় অস্ট্রেলিয়া। ফলে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নেয় সফরকারীরা।
এর আগে ওয়ানডে সিরিজে হারের পর টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত হোয়াইটওয়াশ এড়াতে পারেনি বাংলাদেশ।
প্রাইমটিভি/ এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







