রাউজানে যুবদল নেতা হত্যার আসামি আইয়ুব রাঙামাটি থেকে গ্রেফতার

ছবিঃসংগৃহীত
চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে গুলি করে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদকে হত্যার ঘটনায় অন্যতম আসামি মো. আইয়ুব (৪৫) কে গ্রেফতার করেছে র্যাব-৭। রবিবার (২১ জুন) ভোরে রাঙামাটির বাঘাইছড়ি থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডের পর গ্রেফতার এড়াতে আইয়ুব রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার একটি পাহাড়ি এলাকায় আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে ছিলেন। গোয়েন্দা তথ্য ও নজরদারির ভিত্তিতে র্যাব-৭ এর একটি দল বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের হাজীপাড়া এলাকায় শাহ আলমের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
এর আগে গত ১৩ জুন শনিবার দুপুরে রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনী বাজারে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে একদল সশস্ত্র সন্ত্রাসী।
ঘটনার পরপরই পুলিশ অভিযান চালালেও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকাণ্ডে জড়িত পাঁচজনকে শনাক্ত করা হয়।
এ ঘটনায় ১৫ জুন নিহতের বড় ভাই বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে এবং আরও ৭–৮ জন অজ্ঞাত আসামির বিরুদ্ধে রাউজান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






