সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে নতুন করে নদীভাঙনের শঙ্কা দেখা দিয়েছে। সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের বাহুকা এলাকায় নদীর তীব্র স্রোতে ডান তীর রক্ষা বাঁধের প্রায় ৩০ মিটার অংশ ধসে নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

শনিবার (২১ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, কয়েকদিন ধরেই যমুনার পানির চাপ ক্রমাগত বাড়ছিল। শনিবার দুপুরে হঠাৎ বাঁধের একটি অংশে ফাটল দেখা দেয়। এরপর অল্প সময়ের মধ্যেই বড় একটি অংশ ভেঙে নদীতে তলিয়ে যায়।

বাহুকা গ্রামের কৃষক ফরিদুর ইসলাম বলেন, তিনি জমিতে কাজ করার সময় হঠাৎ বিকট শব্দ শুনতে পান। পরে দেখতে পান বাঁধের ব্লকগুলো একে একে নদীতে ধসে পড়ছে। মুহূর্তের মধ্যেই বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে হারিয়ে যায়।

নদীভাঙনের ঝুঁকিতে থাকা স্থানীয় বাসিন্দা মজিবুর রহমান বলেন, যমুনার ভাঙনে এর আগেও তিনি অনেক সম্পদ হারিয়েছেন। এখন আবার বসতভিটা ও আবাদি জমি নিয়ে চরম অনিশ্চয়তায় আছেন তিনি। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে আরও বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে বলে জানান তিনি।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, উজান থেকে নেমে আসা ঢল ও চলমান বর্ষণের কারণে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ৮ জুন থেকে নদীর পানি ওঠানামা করলেও সামগ্রিকভাবে তা ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় শহর রক্ষা বাঁধের হার্ড পয়েন্ট এলাকায় পানির উচ্চতা আরও বেড়েছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান জানান, ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে সেখানে জিও ব্যাগ ও বালুভর্তি বস্তা ফেলে জরুরি প্রতিরোধমূলক কাজ শুরু করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সার্বক্ষণিক নজরদারি চলছে।

প্রাইমটিভি/এনজি