কানাডায় মসজিদের বাইরে ইসলামবিদ্বেষী গালাগাল দিয়ে ইমামের ওপর হামলা

ছবিঃ সংগৃহীত
কানাডার ন্যাশনাল কাউন্সিল অব কানাডিয়ান মুসলিমস (NCCM) শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, ভিক্টোরিয়ার BCMA মসজিদের ইমামকে মসজিদের বাইরে হামলার শিকার হতে হয়েছে।
বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যায় নামাজ পড়ানোর পর ইমাম শেখ ইব্রাহিম তার গাড়িতে বসেছিলেন। তখন একজন ব্যক্তি তার গাড়ির দরজা জোর করে খুলে তাকে আক্রমণ করে এবং ইসলামবিদ্বেষী (ইসলামোফোবিক) গালাগাল করে “তোমার দেশে ফিরে যাও” বলে চিৎকার করতে থাকে।
সংগঠনটি জানায়, ঘটনার পরবর্তী ৪৮ ঘণ্টায় তারা কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে যাতে নিরাপত্তা নিশ্চিত করা যায় এবং ঘটনার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনা যায়।
বিবৃতিতে আরও বলা হয়, “একজন সম্মানিত ধর্মীয় নেতাকে এভাবে লক্ষ্য করে হামলা করা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এটি আমাদের সমাজে ক্রমবর্ধমান ইসলামোফোবিয়ার ভয়াবহ ঝুঁকির একটি স্পষ্ট উদাহরণ।”
তারা আরও বলেছে, “এ ধরনের ঘটনা বারবার ঘটতে থাকায় আমরা চুপ করে থাকতে পারি না।”
সংগঠনটি সব পর্যায়ের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা মুসলিমবিরোধী সহিংসতার নিন্দা জানান এবং ঘৃণার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেন।
আইনশৃঙ্খলা বাহিনীকে তারা অনুরোধ করেছে, হামলাটি ঘৃণামূলক অপরাধ কি না তা-সহ সব দিক তদন্ত করে দোষী ব্যক্তিকে শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য।
এখন পর্যন্ত ইমামের শারীরিক অবস্থা বা সম্ভাব্য কোনো অভিযোগ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






