প্রধানমন্ত্রীর চীন সফরে সোলার খাতে বড় চুক্তি হবে: চিফ হুইপ নুরুল ইসলাম মনি

চিফ হুইপ নুরুল ইসলাম মনি । সংগৃহীত
প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরে সৌরবিদ্যুৎ খাতে একটি গুরুত্বপূর্ণ চুক্তি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন জাতীয় সংসদের সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
মঙ্গলবার (২৩ জুন) সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত জাতীয় বাজেট ও নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক আলোচনায় তিনি এ তথ্য জানান।
নুরুল ইসলাম মনি বলেন, সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় সহনীয় রাখতে জ্বালানি খাতসহ বিভিন্ন ক্ষেত্রে কর ছাড় দিয়েছে সরকার। একই সঙ্গে প্রয়োজনীয় ভর্তুকি সহায়তাও অব্যাহত রাখা হয়েছে।
তিনি জানান, জ্বালানিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে নবায়নযোগ্য জ্বালানি খাতে আরও বিস্তৃত কর-সুবিধা ঘোষণা করা হতে পারে। এ বিষয়ে সরকার ইতোমধ্যে বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।
চিফ হুইপ বলেন, টেকসই উন্নয়ন ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিকল্প শক্তির উৎস ব্যবহারে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। নবায়নযোগ্য জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করার পাশাপাশি উদ্যোক্তাদের জন্য প্রয়োজনীয় নীতি সহায়তা ও প্রণোদনা অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, রাষ্ট্রীয় পর্যায়ে সৌরশক্তির ব্যবহার বাড়ানোর অংশ হিসেবে সরকারি ভবনগুলোতে সোলার প্যানেল স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। এ কার্যক্রমের বাস্তবায়ন প্রক্রিয়া এগিয়ে চলছে এবং এর সুফল শিগগিরই দৃশ্যমান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সৌরবিদ্যুৎ খাতে সম্ভাব্য নতুন চুক্তি ও সরকারি উদ্যোগগুলো দেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






