ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন—এমন অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

জানা গেছে, সোমবার (২২ জুন) দিবাগত রাত ১২টা ১ মিনিটের দিকে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ প্রাঙ্গণে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ তামজিদুল রশিদ চৌধুরী রিয়ানের ফেসবুক আইডি থেকে প্রকাশিত প্রায় ৪০ সেকেন্ডের একটি ভিডিওতে এ দৃশ্য দেখা যায়।

ভিডিওতে দেখা যায়, ফরিদপুর জেলা ছাত্রলীগের ব্যানারে রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন। তাদের সবার মুখে কালো মাস্ক ছিল। এ সময় ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। পাশাপাশি আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার দৃশ্যও ভিডিওতে দেখা যায়।

এ বিষয়ে জানতে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসানের সরকারি মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

প্রাইমটিভি/এমএইচ