বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আবাসিক এলাকার একটি পুরোনো ভবনের ছাদের কার্নিশের অংশ ধসে পড়েছে। সোমবার (২২ জুন) রাত ৯টা ২৯ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অনুভূত মৃদু ভূমিকম্পের প্রভাবে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের সময় ভবনটির ছাদের কার্নিশের একটি অংশ ভেঙে নিচে পড়ে যায়। ঘটনার পরপরই এলাকাটি ঘিরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

পলাশী ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যারহাউস কর্মকর্তা অপু কুমার মণ্ডল জানান, ভবনটিতে বসবাসরতদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে বুয়েট কর্তৃপক্ষকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ভবনটির দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীর সঙ্গে আলোচনা হয়েছে এবং তিনি দ্রুত সংস্কার কাজ শুরুর আশ্বাস দিয়েছেন। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে কোনো আহত ব্যক্তির সন্ধান পাননি।

ভূমিকম্প পর্যবেক্ষণকারী সংস্থা ভলকানো ডিসকভারের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৬ কিলোমিটার গভীরে, যা তুলনামূলকভাবে অগভীর ভূমিকম্প হিসেবে বিবেচিত।

ঘটনার পর বুয়েটের প্রো-ভাইস চ্যান্সেলর ড. আব্দুল হাসিব চৌধুরী এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ড. খান মুহাম্মদ আমানত ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা ভবনের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। একই সঙ্গে ভবনের নিরাপত্তা মূল্যায়ন ও দ্রুত সংস্কার কাজ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রাইমটিভি/এমএইচ