বাস্তব জীবনের জনপ্রিয় বলিউড তারকা দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি এবার বড় পর্দায় একে অপরের মুখোমুখি হতে যাচ্ছেন। আগামী ২৮ আগস্ট বক্স অফিসে তাদের অভিনীত দুটি বড় বাজেটের সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে, যা স্বামী-স্ত্রীর এক সরাসরি লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে।

Untitled-1-6876b1884fa6a

এই দিনে মুক্তি পেতে যাচ্ছে সিদ্ধার্থ মালহোত্রা ও তামান্না ভাটিয়া অভিনীত অতিপ্রাকৃত ও রহস্যধর্মী সিনেমা ‘ভ্যান: ফোর্স অব দ্য ফরেস্ট’। অন্যদিকে, একই সময়ে মুক্তির তালিকায় রয়েছে দক্ষিণ ভারতের সুপারস্টার ইয়াশ এবং কিয়ারা আদভানি অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’। জাতীয় পুরস্কারজয়ী নির্মাতা গীতু মোহনদাস পরিচালিত এই ছবিটি কিয়ারার ক্যারিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং প্রকল্প। তবে এই প্রতিযোগিতা শুধু সিদ্ধার্থ ও কিয়ারার মধ্যেই সীমাবদ্ধ থাকছে না; একই দিনে শ্রদ্ধা কাপুর অভিনীত ‘ঈথা’ নামের আরেকটি বড় বাজেটের ছবি মুক্তির কথা রয়েছে। ফলে আগামী ২৮ আগস্ট বক্স অফিসে এক ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে।

চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, একই দিনে এমন একাধিক বড় ছবি মুক্তি পেলে হল সংখ্যা ও দর্শক বিভাজনের কারণে ব্যবসায়িক প্রভাব পড়তে পারে। ২০২১ সালে ‘শেরশাহ’ সিনেমার মাধ্যমে কাছাকাছি আসা এবং ২০২৩ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই তারকা জুটির বক্স অফিস যুদ্ধ দেখতে দর্শকরা এখন মুখিয়ে আছেন।

প্রাইমটিভি/বিএম