‘নকল’ শব্দটির কবর দিয়েছি অনেক আগেই: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সংগৃহীত
নকলের প্রচলিত পদ্ধতি অনেক আগেই বন্ধ হয়েছে, তবে এখন ডিজিটাল মাধ্যমে নকলের নতুন চ্যালেঞ্জ দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (২৩ জুন) ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডসহ চট্টগ্রাম অঞ্চলের মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন কেন্দ্রগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তারা অংশ নেন।
শিক্ষামন্ত্রী বলেন, নকল শব্দটির কবর অনেক আগেই দেওয়া হয়েছে। নকল নিয়ে আর কথা বলতে চান না উল্লেখ করে তিনি বলেন, এখন ডিজিটাল মাধ্যমে নকলের চেষ্টা হচ্ছে, যা কঠোরভাবে প্রতিহত করতে হবে।
উচ্চশিক্ষা প্রসঙ্গে তিনি বলেন, দেশে সবাই অনার্স কোর্স চালু করতে আগ্রহী হলেও এর যৌক্তিকতা নিয়ে ভাবতে হবে। কেবল উচ্চশিক্ষার দিকে ঝুঁকে না পড়ে কারিগরি ও দক্ষতাভিত্তিক শিক্ষার প্রতিও গুরুত্ব দিতে হবে।
পরীক্ষার খাতা মূল্যায়নে স্বচ্ছতা নিশ্চিত করার কথা জানিয়ে মন্ত্রী বলেন, বিভিন্ন শিক্ষা বোর্ডের উত্তরপত্র এলোমেলোভাবে যাচাই করা হবে। কোনো পরীক্ষক কম বা বেশি নম্বর দিয়েছেন কিনা, তা খতিয়ে দেখা হবে।
আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









