জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো ব্রাজিলিয়ান নারী ভক্তের কারাদণ্ড

ছবিঃ সংগৃহীত
জনপ্রিয় বিটিএস তারকা জাংকুকের বাড়িতে দফায় দফায় অনুপ্রবেশ এবং উত্যক্ত করার দায়ে ব্রাজিলের এক নারী ভক্তকে স্থগিত কারাদণ্ড দিয়েছেন দক্ষিণ কোরিয়ার আদালত। নিজের কর্মকাণ্ডকে ‘ভালোবাসার বহিঃপ্রকাশ’ দাবি করলেও আদালত একে ‘চরম মাত্রার পাগলামি’ হিসেবে আখ্যায়িত করেছেন। সিউলের একটি জেলা আদালত ওই নারীকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন, যা আগামী দুই বছরের জন্য স্থগিত থাকবে। তবে আইনি আপিলের মাধ্যমে রায় পরিবর্তন করতে না পারলে তাকে নিজ দেশে ফেরত পাঠানো হবে।
মামলার নথিপত্র অনুযায়ী, গত বছরের ডিসেম্বর মাসে ওই নারী প্রথম জাংকুকের সিউলের বাড়িতে যান। সেখানে তিনি প্রাচীর টপকে ভেতরে জিনিসপত্র ছুড়ে মারেন এবং দরজার ফাঁক দিয়ে চিঠি গলিয়ে দেন। মাত্র কয়েকদিন পর আবারও সেখানে গিয়ে তিনি একদিনেই টানা ১৩৩ বার কলিংবেল বাজান। পরবর্তীতে এক ফুড ডেলিভারি ম্যানের পিছু নিয়ে সীমানায় প্রবেশের সময় তাকে গ্রেপ্তার করা হয়।
সতর্কবার্তা ও ১০০ মিটারের মধ্যে প্রবেশের নিষেধাজ্ঞা অমান্য করে ওই নারী মোট ২২ বার পপ তারকার বাড়িতে হানা দেন। ফলে গত ফেব্রুয়ারি মাসে পুলিশ মামলাটি প্রসিকিউটরদের কাছে হস্তান্তর করে। উল্লেখ্য, কে-পপ তারকাদের ক্ষেত্রে এমন ঘটনা এটিই প্রথম নয়, এর আগেও গত বছরের জুনে জাংকুকের বাড়িতে অনুপ্রবেশের অভিযোগে এক চীনা নারী গ্রেপ্তার হয়েছিলেন।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







