নিষিদ্ধ দলের তৎপরতা জাতির জন্য ব্যর্থতা: রেলমন্ত্রী

ছবি- সংগৃহীত
নৌপরিবহন ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, নিষিদ্ধ কোনো রাজনৈতিক দলের তৎপরতা দৃশ্যমান হওয়া জাতির জন্য ব্যর্থতার বিষয়। তিনি বলেন, “নিষিদ্ধ দল নিয়ে আমি মন্তব্য করতে চাই না। নিষিদ্ধ মানে নিষিদ্ধই।”
মঙ্গলবার (২৩ জুন) সকালে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার চর গলগলিয়া এলাকায় ধলেশ্বরী নদীর ওপর নির্মিত রেল সেতুর ঢাকা প্রান্তের ভায়াডাক্টের নিচে বাংলাদেশ রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, একসময় দলটি রাজনৈতিক দল হিসেবে কার্যক্রম পরিচালনা করলেও জনগণের প্রতিপক্ষ হিসেবে অবস্থান নেওয়ার কারণে আজ তারা পরিত্যক্ত, জনগণের দ্বারা বর্জিত এবং সর্বশেষ আইনের মাধ্যমে নিষিদ্ধ হয়েছে।
তিনি বলেন, “একটি রাজনৈতিক দলকে বৈধতা দেয় জনগণ। জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে, আইনও তাদের নিষিদ্ধ করেছে। তাই নিষিদ্ধ কোনো বিষয় নিয়ে আলোচনা না করাই শ্রেয়।”
নিষিদ্ধ ঘোষিত দলটির বিষয়ে জাতির অবস্থান প্রসঙ্গে শেখ রবিউল আলম বলেন, জনগণের দাবির পরিপ্রেক্ষিতেই দলটিকে নিষিদ্ধ করা হয়েছে। গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে এবং দেশ ছাড়তে বাধ্য করেছে।
এ সময় সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের অব্যবহৃত জমি ব্যবহারের পরিকল্পনার কথাও তুলে ধরেন রেলমন্ত্রী। তিনি জানান, বিভিন্ন মন্ত্রণালয়ের আওতাধীন খালি জায়গাগুলো চিহ্নিত করা হচ্ছে এবং আয়তন অনুযায়ী শ্রেণিবিন্যাস করা হচ্ছে।
তিনি বলেন, “তিন একরের বেশি জমিতে এক মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের সুযোগ রয়েছে। এসব জায়গায় সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করা হবে। উৎপাদিত বিদ্যুতের একটি অংশ স্থানীয়ভাবে ব্যবহার করা হবে এবং বাকি অংশ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।”
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা এবং রাজনৈতিক নেতাকর্মীরা।
প্রাইমটিভি/কেআর

জেলা প্রতিনিধি
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







