ঋণ খেলাপি ইস্যুতে আটকে গেল আসলাম চৌধুরীর শপথ

আটকে গেল আসলাম চৌধুরীর শপথ। (ছবিঃ সংগৃহীত)
ঋণ খেলাপি হওয়ায় চট্টগ্রাম-৪ আসনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে তার নির্বাচনের ফলাফলও প্রকাশ করা যাবে না।
মঙ্গলবার (৩০ জুন) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন। এর আগে ১৫ জুন শুনানি শেষে রায়ের জন্য ৩০ জুন দিন নির্ধারণ করা হয়েছিল।
আসলাম চৌধুরীর পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও মিফতাহ উদ্দিন চৌধুরী। তাদের সঙ্গে ছিলেন আইনজীবী রোকন উদ্দিন মো. ফারুক। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আর ব্যাংক এশিয়া পিএলসির পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী কামাল উল আলম।
এর আগে, গত ২০ জুন আপিল বিভাগ আসলাম চৌধুরীর প্রার্থিতা নিয়ে শুনানিতে অ্যামিকাস কিউরি (আদালত বন্ধু) হিসেবে মতামত দেওয়ার জন্য জ্যেষ্ঠ আইনজীবী এম কামরুল হক সিদ্দিকী ও প্রবীর নিয়োগীকে নিয়োগ দেন।
মামলার সূত্রে জানা যায়, গত ৩ জানুয়ারি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। পরে ঋণ খেলাপির অভিযোগ এনে জামায়াতের প্রার্থী আনোয়ার সিদ্দিকী ও ব্যাংক এশিয়া নির্বাচন কমিশনে আপিল করেন। তবে ১৮ জানুয়ারি নির্বাচন কমিশন সেই আপিল খারিজ করে আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল রাখে।
এরপর নির্বাচন কমিশনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে পৃথক রিট করেন অভিযোগকারী পক্ষ। ২৭ জানুয়ারি হাইকোর্ট রিট দুটি খারিজ করে দিলে আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল থাকে এবং তিনি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পান।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বেসরকারিভাবে বিজয়ী হন আসলাম চৌধুরী। তবে আপিল বিভাগের আগের আদেশ অনুযায়ী তার নির্বাচনের ফলাফল প্রকাশ স্থগিত রাখা হয়।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে জামায়াতের প্রার্থী আনোয়ার সিদ্দিকী লিভ টু আপিল করলে গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ তা গ্রহণ করেন। আদালত তখন নির্দেশ দেন, আসলাম চৌধুরী নির্বাচনে বিজয়ী হলেও আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই আসনের ফলাফল প্রকাশ করা যাবে না।
পরবর্তীতে ৩১ মার্চ পৃথক আপিল আবেদন করা হয়। চেম্বার জজ আদালত ২৮ এপ্রিল বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। একাধিক দফা কার্যতালিকায় ওঠার পর শুনানি শেষে মঙ্গলবার আপিল বিভাগ চূড়ান্ত রায়ে জানান, ঋণ খেলাপি হওয়ায় আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না এবং তার নির্বাচনের ফলাফলও প্রকাশ করা যাবে না।
প্রইমটিভি/এমআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








