আবর্জনার স্তূপ থেকে জীবিত নবজাতক উদ্ধার

আবর্জনার স্তূপ থেকে জীবিত নবজাতক। ছবিঃ সংগৃহীত
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তূপ থেকে জীবিত এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত শিশুটির পরিচয় ও তার অভিভাবকের সন্ধান পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সোমবার (২৯ জুন) দিবাগত রাত প্রায় ১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এক আয়া শিশুর কান্নার শব্দ শুনতে পান। পরে তিনি বিষয়টি কর্তব্যরত নার্সদের জানালে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ময়লার স্তূপের পাশ থেকে নবজাতকটিকে উদ্ধার করেন।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. নুসরাত ফারজানা খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারের পরপরই শিশুটিকে হাসপাতালে ভর্তি করে প্রাথমিক ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
খবর পেয়ে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফসা নাদিয়া। তিনি ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে বলেন, নবজাতকটির সর্বোচ্চ নিরাপত্তা ও উন্নত চিকিৎসা নিশ্চিত করতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে কে বা কারা শিশুটিকে সেখানে ফেলে গেছে, তা উদঘাটনে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
অমানবিক এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে স্থানীয়রা দ্রুত জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
প্রাইমটিভি/এমআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








