হজ শেষে দেশে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ হাজি

ছবি- সংগৃহীত
পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি। শুক্রবার পর্যন্ত ১৫৬টি ফিরতি ফ্লাইটে তারা দেশে পৌঁছেছেন বলে জানিয়েছে হজ অফিস।
হজ অফিসের তথ্য অনুযায়ী, দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩১৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৭ হাজার ৩৭৮ জন রয়েছেন।
ফিরতি ফ্লাইট পরিচালনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদিয়া এয়ারলাইন্স ও ফ্লাইনাস অংশ নিয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭৮টি ফ্লাইটে ২৭ হাজার ৩৬৩ জন, সৌদিয়া এয়ারলাইন্সের ৫৬টি ফ্লাইটে ২১ হাজার ৬৫২ জন এবং ফ্লাইনাসের ২২টি ফ্লাইটে ৮ হাজার ৬৭২ জন হাজি দেশে ফিরেছেন। এছাড়া অন্যান্য এয়ারলাইন্সের মাধ্যমে দেশে ফিরেছেন আরও ৪ হাজার ১০ জন হাজি।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, অবশিষ্ট হাজিরা নির্ধারিত সময়সূচি অনুযায়ী পর্যায়ক্রমে দেশে ফিরবেন।
এদিকে চলতি হজ মৌসুমে সৌদি আরবে মোট ৫৪ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩৬ জন পুরুষ ও ১৮ জন নারী। মৃতদের মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৬ জন এবং জেদ্দায় একজন মৃত্যুবরণ করেছেন। তবে মিনা ও মুজদালিফায় কোনো বাংলাদেশি হাজির মৃত্যুর ঘটনা ঘটেনি।
হজ বুলেটিনে জানানো হয়েছে, এ মৌসুমে ৪১৫ জন বাংলাদেশি হাজি সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ১১ জন হাসপাতালে ভর্তি ছিলেন। এছাড়া সৌদি মেডিকেল সেন্টারগুলো ৬৬ হাজার ২৪৯ জন হাজিকে স্বাস্থ্যসেবা প্রদান করেছে। মক্কা ও মদিনায় স্থাপিত আইটি হেল্প ডেস্কের মাধ্যমে ২৮ হাজার ১৯৮ জন হাজিকে বিভিন্ন তথ্য ও সেবা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের হজ পরিবহন কার্যক্রম শুরু হয় গত ১৮ এপ্রিল প্রথম বহির্গামী ফ্লাইটের মাধ্যমে। ২১ মে শেষ হয় প্রাক-হজ ফ্লাইট কার্যক্রম। চলতি বছরের পবিত্র হজ অনুষ্ঠিত হয় ২৬ মে। হজের আনুষ্ঠানিকতা শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে, যা আগামী ১ জুলাই পর্যন্ত চলবে।
হজ অফিসের তথ্যমতে, এ বছর বাংলাদেশের জন্য মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রীর কোটা বরাদ্দ ছিল। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জনের কোটা নির্ধারণ করা হয়।
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









