হামলা করে ইরান যুদ্ধ থেকে আমাকে বিচ্যুত করা যাবে না: ডোনাল্ট ট্রাম্প

ছবিঃ সংগৃহীত
হোয়াইট হাউস করেসপনডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে বন্দুক হামলার ঘটনার পর নিজের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২৫ এপ্রিল) রাতের এই অনাকাঙ্ক্ষিত ঘটনা তাঁকে ইরান সংঘাত বা যুদ্ধ জয় থেকে বিচ্যুত করতে পারবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।
ওয়াশিংটন হিলটন হোটেলে আয়োজিত বার্ষিক এই নৈশভোজে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পও উপস্থিত ছিলেন। অনুষ্ঠান চলাকালীন হঠাৎ বন্দুক হামলা শুরু হলে নিরাপত্তা বাহিনী দ্রুত ট্রাম্পসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়। পরবর্তীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “এই ঘটনা আমাকে ইরান যুদ্ধে জয়ী হওয়া থেকে বিরত রাখতে পারবে না।”
হামলার উদ্দেশ্য সম্পর্কে প্রাথমিক তদন্তের বরাত দিয়ে ট্রাম্প জানান, এই ঘটনার সঙ্গে ইরান সংঘাতের সরাসরি কোনো সম্পর্ক থাকার সম্ভাবনা কম। তবে তিনি সতর্ক করে বলেন, তদন্তাধীন বিষয় হওয়ায় এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। হামলাকারী কোনো সুনির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এটি করেছে কি না, তা খতিয়ে দেখছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো।
এই হামলার মাত্র কয়েক ঘণ্টা আগেই ইরান সরকারের সঙ্গে চলমান শান্তি আলোচনা স্থগিত করার ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। তেহরানকে উদ্দেশ্য করে তিনি জানান, তারা যদি আন্তরিকভাবে আলোচনা করতে চায়, তবে সরাসরি যোগাযোগ করতে পারে। তবে যুদ্ধের ডামাডোলের মধ্যে এই হামলা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তাকে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে।

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









