২০২৬ বিশ্বকাপে সবচেয়ে দামি ফুটবলার কে

২০২৬ বিশ্বকাপ । প্রাইম টিভি
সবকিছু ঠিক থাকলে আর মাত্র ১১ দিন পর মাঠে গড়াবে ফুটবল বিশ্বের মহাযজ্ঞ ফিফা বিশ্বকাপ ২০২৬। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠেয় এই বিশ্বকাপকে ঘিরে বিশ্বজুড়ে উন্মাদনা এখন তুঙ্গে। তবে মাঠের লড়াই শুরুর আগেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ফুটবলারদের আকাশচুম্বী বাজারমূল্য।
সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, বিশ্ব ফুটবলের নতুন তারকারা বয়সে যত তরুণ হচ্ছেন, দামের দিক দিয়ে ততটাই ছাড়িয়ে যাচ্ছেন সবাইকে। আর এই ট্রেন্ডের সবচেয়ে বড় ও চমকপ্রদ উদাহরণ স্প্যানিশ সেনসেশন লামিনে ইয়ামাল।

বয়স ২০ এর কম, দাম প্রায় ৫ হাজার কোটি টাকা
২০ বছর বয়স হওয়ার আগেই বার্সেলোনার এই উইঙ্গার ফুটবল দুনিয়াকে স্তব্ধ করে দিয়েছেন। বর্তমান ফুটবল বাজারে তার বাজারমূল্য দাঁড়িয়েছে অবিশ্বাস্য ৪০১ মিলিয়ন (৪০ কোটি ১০ লাখ) ডলারেরও বেশি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫ হাজার কোটি টাকা। বিশ্বজুড়ে দামি খেলোয়াড়দের তালিকায় তিনি এখন সবার ওপরে। এমনকি সমবয়সী অন্য যেকোনো ফুটবলারের চেয়ে তার দাম প্রায় তিন গুণ বেশি।
ইয়ামালের ঠিক পরেই আছেন নরওয়ে ও ম্যানচেস্টার সিটির ‘গোলমেশিন’ আরলিং হালান্ড। অন্যদিকে, ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের বয়স ২৭ পেরিয়ে গেলেও এই তালিকার শীর্ষ তিনে ঠিকই নিজের জায়গা ধরে রেখেছেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড।

ব্যালন ডি’অর জিতেও শীর্ষ ১০ এ নেই দেম্বেলে
আসন্ন বিশ্বকাপে অংশ নিতে যাওয়া শীর্ষ ১০ দামি ফুটবলারের তালিকাটি দেখলে ইউরোপের বড় পরাশক্তিগুলোর একচেটিয়া আধিপত্যই চোখে পড়বে। ক্লাব ফুটবলের হিসেবে এই তালিকায় রিয়াল মাদ্রিদের ৩ জন, বার্সেলোনার ২ জন এবং ফরাসি ক্লাব পিএসজির ২ জন খেলোয়াড় জায়গা করে নিয়েছেন।
তবে সবচেয়ে বড় চমক হচ্ছে, তালিকায় ফ্রান্সের তারকা উসমান দেম্বেলের নাম নেই। অথচ পিএসজির হয়ে সম্প্রতি সব শিরোপাই জিতেছেন তিনি, এমনকি ২০২৫ সালের ব্যালন ডি’অরও উঠেছে তার হাতে।
তবে, ব্যক্তিগত এত বড় অর্জনের পরও দেম্বেলের না থাকার কারণটা বেশ পরিষ্কার। বর্তমান ফুটবল বাজার খেলোয়াড়দের অতীত বা বর্তমানের ব্যক্তিগত অর্জনের চেয়ে তাদের বয়স, পারফরম্যান্সের ধারাবাহিকতা এবং দীর্ঘমেয়াদি সম্ভাবনার ওপরই বেশি জোর দিচ্ছে। আর সে কারণেই সেরাদের এই তালিকায় রাজত্ব করছেন একঝাঁক তরুণ তুর্কি।

একনজরে ২০২৬ বিশ্বকাপের সবচেয়ে দামি ১০ ফুটবলার
আসন্ন বিশ্বকাপের শীর্ষ ১০ দামি খেলোয়াড়ের তালিকা ও তাদের বাজারমূল্য:
১. লামিনে ইয়ামাল (বার্সেলোনা)- ৪০১.৩১ মিলিয়ন ডলার |
২. আরলিং হালান্ড (ম্যানচেস্টার সিটি)- ২৯৮.৩৭ মিলিয়ন ডলার |
৩. কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ)- ২৩৫.২৩ মিলিয়ন ডলার |
৪. জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ)- ১৭৯.০৮ মিলিয়ন ডলার |
৫. মাইকেল ওলিসে (বায়ার্ন মিউনিখ)- ১৬০.১০ মিলিয়ন ডলার |
৬. ফ্লোরিয়ান ভাইর্টস (লিভারপুল)- ১৫৮.৭৬ মিলিয়ন ডলার |
৭. দেজিরে দুয়ে (পিএসজি)- ১৫৭.৩৪ মিলিয়ন ডলার |
৮. জোয়াও নেভেস (পিএসজি)- ১৫২.৭৮ মিলিয়ন ডলার |
৯. আরদা গুলের (রিয়াল মাদ্রিদ)- ১৫২.৪৩ মিলিয়ন ডলার |
১০. পেদ্রি (বার্সেলোনা)- ১৫২.০৫ মিলিয়ন ডলার |
তরুণদের এই জয়জয়কার মাঠের লড়াইয়ে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









