বাংলাদেশের ব্যান্ডসংগীতের কিংবদন্তি মাহফুজ আনাম জেমস সাধারণত ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা প্রকাশ্যে কথা বলেন না। গান, মঞ্চ পরিবেশনা এবং আলোকচিত্র নিয়েই বেশি আলোচনায় থাকেন তিনি। তবে এবার ঈদ উপলক্ষে প্রকাশিত কয়েকটি পারিবারিক ছবি ভক্তদের সামনে তুলে ধরেছে তার ভিন্ন এক রূপ।

জেমসের সাবেক স্ত্রী রথি কানিজ সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি পারিবারিক ছবি শেয়ার করেন। ছবিগুলোতে দেখা যায়, জেমস তার দুই সংসারের সন্তানদের নিয়ে একসঙ্গে সময় কাটাচ্ছেন। প্রকাশের পরপরই ছবিগুলো ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

একটি ছবিতে জেমসকে দেখা যায় মেয়ে জান্নাত ও ছোট ছেলে জিবরানের সঙ্গে। বাবা ও বড় বোনের পাশে হাস্যোজ্জ্বল জিবরানের উপস্থিতি ভক্তদের মুগ্ধ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই পরিবারের জন্য শুভকামনা জানিয়েছেন।

আরেকটি ছবিতে জেমসের সঙ্গে দেখা যায় তার বর্তমান স্ত্রী নামিয়া, মেয়ে জান্নাত এবং ছেলে জিবরানকে। পরিবারকে ঘিরে এই উষ্ণ ও আন্তরিক মুহূর্তগুলো অনুরাগীদের আবেগাপ্লুত করেছে।

রথি কানিজ বড় মেয়ে জান্নাতকে নিয়ে জেমসের একটি আলাদা ছবিও শেয়ার করেন। ছবিটির ক্যাপশনে তিনি লেখেন, “জান্নাতের ঈদ ওর আব্বু আর ছোট ভাই জিবরানের সঙ্গে।”

ঘরোয়া এই মুহূর্তগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা পেয়েছে। অনেকেই মন্তব্য করেছেন, মঞ্চের তারকা জেমসের পাশাপাশি একজন দায়িত্বশীল বাবা হিসেবেও তার এই উপস্থিতি অনুপ্রেরণাদায়ক।

উল্লেখ্য, ১৯৯১ সালের ১৭ নভেম্বর রথি কানিজকে বিয়ে করেন জেমস। ২০০৩ সালে তাদের দাম্পত্য জীবনের ইতি ঘটে। এই সংসারে তাদের মেয়ে জান্নাত ও ছেলে দানেশ রয়েছেন।

এদিকে গত বছর জেমসের তৃতীয় বিয়ে এবং নতুন করে বাবা হওয়ার খবর প্রকাশ্যে আসে। তার ব্যক্তিগত সহকারী রবিন ঠাকুরের ভাষ্য অনুযায়ী, ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে একটি কনসার্টে নামিয়ার সঙ্গে পরিচয় হয় জেমসের। পরবর্তীতে সেই পরিচয় থেকে ঘনিষ্ঠতা এবং পরে বিয়ের সিদ্ধান্ত নেন তারা।

২০২৪ সালের ১২ জুন জেমস ও নামিয়া বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তাদের পরিবারে নতুন আনন্দের নাম পুত্রসন্তান জিবরান।

ঈদের এই পারিবারিক আয়োজনের ছবি ভক্তদের কাছে যেন এক অন্যরকম উপহার হয়ে এসেছে, যেখানে জনপ্রিয় শিল্পী জেমসকে দেখা গেছে একান্ত পারিবারিক আবহে।

প্রাইমটিভি/কেআর